ডিএসই ব্রোকারস' অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারদের নিয়ে গঠন করা হয়েছে “ডিএসই ব্রোকারস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ”। আজ বুধবার আনুষ্ঠানিকভাবে অ্যাসোসিয়েশনটির যাত্রা শুরু হয়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, ডিএসইর ব্রোকারদের নিয়ে একটি অ্যাসোসিয়েশন গঠন করার লক্ষ্যে আজ বিকেলে ডিএসইর ট্রেক হোল্ডারস ক্লাবে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিএসই ব্রোকারস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নামের একটি অ্যাসোসিয়েশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। বাণিজ্য সংগঠন অধ্যাদেশ ১৯৬১-এর অধীনে এই অ্যাসোসিয়েশন গঠন করা হবে।  সভায় ডিএসইর বর্তমান সভাপতি আহসানুল ইসলামকে আহ্বায়ক করে ১৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এ বিষয়ে আহসানুল ইসলাম বলেন, আজ আনুষ্ঠানিকভাবে এই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হয়েছে। শিগগিরই আরজেএসসিতে নিবন্ধন নেওয়াসহ আনুষঙ্গিক কার্যক্রম শেষ করা হবে। ব্রোকারদের স্বার্থ সংরক্ষণে এই অ্যাসোসিয়েশন কাজ করে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রসঙ্গত, ইতিমধ্যে স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথককরণ বা ডিমিউচুয়ালাইজেশন সম্পন্ন হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী ব্রোকারদের মধ্য থেকে চারজন সদস্য স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সদস্য হতে পারবেন। সাতজন থাকবেন স্বতন্ত্র পরিচালক। এমনকি স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানও স্বতন্ত্র পরিচালকদের মধ্য থেকে হবেন।