ডিএসই-সিএসইতে কাল থেকে সাড়ে ১০টায় লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দুই স্টক এক্সচেঞ্জে (ঢাকা ও চট্টগ্রাম) লেনদেনের সময়সূচি আধা ঘণ্টা এগিয়ে আনার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে দুই স্টক এক্সচেঞ্জ। নতুন এই সময়সূচি কাল রোববার থেকে কার্যকর হবে বলে ডিএসই ও সিএসই সূত্র নিশ্চিত করেছে।নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সম্মতির পর স্টক এক্সচেঞ্জ দুটি কাল থেকে নতুন সময়সূচি চালুর সিদ্ধান্ত নেয়।ডিএসই ও সিএসই সূত্রে জানা যায়, নতুন এ সময়সূচি অনুযায়ী অফিস সময় সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টার পরিবর্তে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে লেনদেন শুরুর সময় বেলা ১১টা থেকে তিনটার পরিবর্তে সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।বর্তমানে দুই স্টক এক্সচেঞ্জে বেলা ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত লেনদেন চলে এবং সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অফিস চলে।দুই স্টক এক্সচেঞ্জ ও এসইসি সূত্রে আরও জানা যায়, গত ৩১ মার্চ চট্টগ্রামে এক যৌথ সংবাদ সম্মেলনে দুই স্টক এক্সচেঞ্জের লেনদেনের সময়সূচি আধা ঘণ্টা কমিয়ে আনার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, বিনিয়োগকারীদের দাবির পরিপ্রেক্ষিতে ও জোহরের নামাজ ও দুপুরের খাবারের কথা বিবেচনা করে লেনদেনের নতুন সময় সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত নির্ধারণের ব্যাপারে দুই স্টক এক্সচেঞ্জ সম্মত হয়েছে। বর্তমানে দুই স্টক এক্সচেঞ্জে বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত লেনদেন চলে আসছে। সময়সূচি পরিবর্তনের বিষয়ে সম্মতি চেয়ে গত ১৭ এপ্রিল এসইসির কাছে লিখিত প্রস্তাব দেয় ডিএসই ও সিএসই। ওই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এসইসি সার্বিক দিক বিবেচনা করে এ সম্মতি প্রদান করে। এরই ধারাবাহিকতায় গত ১৭ মে এসইসির পক্ষ থেকে এ বিষয়ে উভয় স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পত্র পাঠানো হয়েছে।এসইসির পরিচালক আবু রায়হান মোহাম্মদ মুতাসীম বিল্লাহ স্বাক্ষরিত ওই পত্রে উল্লেখ করা হয়, ‘ডিএসই কর্তৃক প্রেরিত পত্রের পরিপ্রেক্ষিতে কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে বর্ণিত বিষয়ে সমন্বিতভাবে সংশ্লিষ্ট সব পক্ষ বা স্টেক হোল্ডার, বিশেষ করে ব্যাংকের সঙ্গে আলোচনা করে স্টক এক্সচেঞ্জের অফিস ও ট্রেডিং সময়সূচি ১১টা থেকে আধা ঘণ্টা এগিয়ে সাড়ে ১০টা থেকে চালু করার পরামর্শ প্রদান করা হলো।’