ডিএসই-সিএসইতে সূচক ও লেনদেন বৃদ্ধি অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে আজ বুধবার ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। গতকালের ধারাবাহিকতায় আজও দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে। পাশাপাশি লেনদেন বেড়েছে দুই বাজারে।

ডিএসইতে সূচক বেড়েছে ১০ পয়েন্ট

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪,৪০৩ পয়েন্টে।

এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা সোয়া একটার দিকে সূচক ৩২ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কমলেও দিন শেষে ইতিবাচক প্রবণতায় থাকে সূচক। এ নিয়ে তিন দিন সূচক বাড়ল ডিএসইতে। গতকাল ডিএসইতে সূচক বেড়েছিল ২৫ পয়েন্ট।

ডিএসইতে আজ ২৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২০০টিরই দাম বেড়েছে। কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৩৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৫৭ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ২৮০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে লাফার্জ সুরমা সিমেন্ট

গতকালের মতো আজও ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। আজ এই প্রতিষ্ঠানের ২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, বিএসসিসিএল, বেক্সিমকো, বিএসসি, এসিআই, সামিট পাওয়ার, বিএসআরএম স্টিল, বেক্সিমকো ফার্মা প্রভৃতি লেনদেনের শীর্ষে ছিল।

সিএসইতে সূচক বেড়েছে ৩৬ পয়েন্ট

ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৬০৬ পয়েন্টে।

সিএসইতে আজ ২০৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩২টির দাম বেড়েছে। কমেছে ৫২টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

সিএসইতে আজ ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে চার কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।