ডিএসই-সিএসইতে সূচক নিম্নমুখী
সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই ও সিএসই)। গতকালের ধারাবাহিকতায় আজও লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচক কমেছে। তবে লেনদেন সামান্য বেড়েছে দুই বাজারে।
ডিএসইতে সূচক কমেছে ৪১ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৬২৪ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক ২৬ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৪টির দাম কমেছে, বেড়েছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৪৩৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে দুই কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ৪৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে লাফার্জ সুরমা সিমেন্ট
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। আজ এ প্রতিষ্ঠানের ৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা অয়েল, গ্রামীণফোন, সাউথইস্ট ব্যাংক, হেইডেলবার্গ সিমেন্ট, এনবিএল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, কনফিডেন্স সিমেন্ট প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।
সিএসইতে সূচক কমেছে ১৭৩ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ২৩৫ পয়েন্টে।
সিএসইতে আজ ২১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৭টির দাম কমেছে, বেড়েছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে ৩১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।