ডিএসই-সিএসইর কাজে অসন্তুষ্ট এসইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজার তদারকি ও নজরদারির ব্যাপারে দুই স্টক এক্সচেঞ্জের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। সংস্থাটি মনে করে এ ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জ দুটির প্রশাসন দক্ষতার পরিচয় দিতে পারছে না। এমনকি তারা স্বাধীনভাবে কাজ করছে না বলেও মনে করে এসইসি।সাম্প্রতিক বাজার পরিস্থিতি নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (এসইসি) কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকে গতকাল বুধবার এসইসির পক্ষ থেকে এসব কথা বলা হয়।বৈঠকে ঢাকা ও ঢাকার বাইরের ডিএসই এবং সিএসইর সদস্য ব্রোকারেজ হাউসগুলোর মালিকানার ধরন নিয়েও আলোচনা হয়েছে। এসইসি বলেছে, তারা বিভিন্ন সূত্রে জানতে পেরেছে বেশির ভাগ ক্ষেত্রেই শাখাগুলো মুনাফা ভাগাভাগির শর্তে অন্য ব্যক্তিদের কাছে ভাড়ায় খাটানো হচ্ছে। কিন্তু আইন অনুযায়ী, যাঁর নামে সদস্যপদ তাঁকেই ব্রোকারেজ কর্মকাণ্ড পরিচালনার সঙ্গে যুক্ত থাকতে হয়। অন্য কোনোভাবে তা পরিচালনা করা যায় না।বৈঠক শেষে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে স্টক এক্সচেঞ্জের কর্মকাণ্ডে এসইসি যে খুশি নয়, তা জানানো হয়েছে।’ উদাহরণ হিসেবে তিনি বলেন, গত মঙ্গলবার অস্বাভাবিকভাবে দাম বাড়ার কারণে ১৩টি কোম্পানির লেনদেন স্থগিত করা হয়েছে। কাজটি প্রাথমিক নিয়ন্ত্রক সংস্থা হিসেবে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষেরই করার কথা। বিশ্বের বিভিন্ন দেশে স্টক এক্সচেঞ্জগুলো এ ধরনের পদপেক্ষ নিয়ে থাকে। কিন্তু ডিএসই ও সিএসই প্রশাসন তা না করায় এসইসিকেই এ ব্যাপারে হস্তক্ষেপ করতে হয়েছে।ফরহাদ আহমেদ বলেন, দুই স্টক এক্সচেঞ্জের বাজার তদারকি ব্যবস্থা আরও জোরদার করার পরামর্শ দিয়েছে এসইসি। ব্রোকারেজ হাউসের শাখা প্রসঙ্গে তিনি বলেন, ব্রোকারেজ হাউস শাখা খোলার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হচ্ছে কি না, তা খুঁজে বের করতে দুই স্টক এক্সচেঞ্জকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে ব্রোকারেজ হাউসের অনুমোদন (লাইসেন্স) বাতিল করা হবে। ডিএসইর ২১৩টি সক্রিয় ব্রোকারেজ হাউসের দেশব্যাপী ৬০৮টি শাখা রয়েছে। আর সিএসইর ১৪৮টি ব্রোকারেজ হাউসের দেশব্যাপী শাখা রয়েছে ২১৫টি। উল্লেখ্য, এর আগে এসইসি বেশ কিছু বিষয়ে অনানুষ্ঠানিকভাবে দুই স্টক এক্সচেঞ্জের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে। এমনকি কিছু কাজের জন্য ডিএসইর প্রধান নির্বাহী সতীপতী মৈত্রকে ডেকে ভর্ৎসনাও করেছে। কিছুদিন আগে এসইসির অনুমতি ছাড়াই ডিএসইর প্রধান নির্বাহী অনেকটা অগোচরে শেয়ারের মূল্যসূচক সংশোধন করেন। এমনকি এ বিষয়ে ডিএসইর পরিচালকেরাও কিছু জানতেন না।দুই কোম্পানির লেনদেন স্থগিত: অস্বাভাবিকভাবে দাম বাড়ার কারণে এবার রহিম টেক্সটাইল মিলস লিমিটেড ও দুলামিয়া কটন স্পিনিং লিমিটেডের শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে। গতকাল লেনদেন শুরু হওয়ার ৩০ মিনিট পর ডিএসই কোম্পানি দুটির লেনদেন স্থগিত করে। এর আগে গত মঙ্গলবার একই কারণে এসইসির নির্দেশে ১৩টি কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত করে সংস্থাটি। মূল্য-আয় অনুপাত: গত মঙ্গলবার প্রথম আলোতে লেনদেন স্থগিত ১৩ কোম্পানির পিইর যে তথ্য ছাপা হয়েছে তা নিয়ে ঢাকা ডায়িং ও মিথুন নিটিং কোম্পানি আপত্তি জানিয়েছে। কোম্পানি দুটি বলছে তাদের পিই সম্পর্কে যে তথ্য ছাপা হয়েছে, তা সঠিক নয়। প্রকৃত পক্ষে ডিএসই থেকে সরবরাহকৃত সমাপ্ত আর্থিক বছরের নিরীক্ষিত হিসাব অনুযায়ী পিই ছাপা হয়েছিল। তবে ঋণ দেওয়ার ক্ষেত্রে সর্বশেষ ইপিএস অনুযায়ী পিই হিসাব করা হয়ে থাকে। সেই হিসেবে কোম্পানি দুটির পিই যথাক্রমে ঢাকা ডায়িংয়ের ৩১ দশমিক ০৯ ও মিথুন নিটিংয়ের ৪২ দশমিক ৩৭ যা ডিএসইর গতকালের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।