ডিএসই: অবশেষে সূচক বাড়ল, লেনদেনও ভালো
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার সূচকের উত্থান-পতনের মধ্যে লেনদেন চললেও ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে লেনদেন শেষ হয়। একই সঙ্গে লেনদেনও গতকালের চেয়ে বেড়েছে। দিনের শেষে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় সূচকে এর প্রভাব পড়তে দেখা যায়।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৭ পয়েন্ট বেড়ে ৪৪৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে লেনদেন শুরু হয়। তবে দুপুর ১২টা ৪০ মিনিটে সূচক গতকালের চেয়ে ২০ পয়েন্ট কমেছিল। তবে শেষ পর্যায়ে সূচক বাড়ে সাত পয়েন্ট।আজ ডিএসইতে ২৬৪টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৫টির দাম বেড়েছে। কমেছে ৪৯টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের দাম। আজ স্টক এক্সচেঞ্জটিতে ৮৮৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৬ কোটি টাকা বেশি।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, তিতাস গ্যাস, আরএন স্পিনিং, ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, বিএসসিসিএল, কেয়া কসমেটিকস, এমআই সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, বেক্সিমকো।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য সূচক ৯৯ পয়েন্ট বেড়ে ১৩৫৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ মোট ১৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪১টির দাম বেড়েছে। কমেছে ৩৯টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৮৭ কোটি টাকার লেনদেন হয়েছে।