ডিএসই: বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম বেড়েছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার তালিকাভুক্ত বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম বেড়েছে। জ্বালানি, প্রকৌশল, অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, বিমা, খাদ্য, ওষুধ, বস্ত্র ও বিবিধ খাতে ছিল আজ চাঙাভাব। তবে মিউচুয়াল ফান্ড খাতে মিশ্র ভাব দেখা গেলেও আজ ব্যাংকিং খাতের প্রায় সব প্রতিষ্ঠানের দাম কমে।ডিএসইর তালিকাভুক্ত কোম্পানিগুলোর খাত অনুযায়ী বিশ্লেষণ করলে দেখা যায়, আজ প্রকৌশল খাতের ২৩টির মধ্যে ১৮টির দাম বাড়ে। এ ছাড়া সিরামিক খাতের পাঁচটির মধ্যে চারটির, অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতের ২১টির মধ্যে ১৮টির, খাদ্য খাতের ১৫টির মধ্যে ১৪টির, জ্বালানি খাতের ১১টির মধ্যে আটটির, বিমা খাতের ৪৪টির মধ্যে ৩৫টির, আইটি খাতের পাঁচটির মধ্যে পাঁচটির, বিবিধ খাতের নয়টির মধ্যে সবকটির, ওষুধ খাতের ২০টির মধ্যে ১৭টির ও বস্ত্র খাতের ২৫টির মধ্যে ২৪টির দাম বাড়ে। এ ছাড়া মিউচুয়াল ফান্ড, সিমেন্ট খাতে মিশ্র অবস্থা দেখা গেছে।তবে ব্যাংকিং খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র তিনটির দাম বাড়ে এবং ২৫টির দাম কমে আজ।ডিএসই সূত্রে জানা যায়, বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম বৃদ্ধির কারণে আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক বেড়েছে। দিনের লেনদেন শেষে সূচক ৫৮ পয়েন্ট বেড়ে ৬৪৬৯.৯০ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইতে লেনদেন হওয়া ২৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৮৮টির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত ছিল ১০ প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জেটিতে আজ মোট এক হাজার ৫২৪ কোটি টাকার লেনদেন হয়, যা গত বুধবারের চেয়ে ১৮১ কোটি টাকা বেশি।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, বেক্সটেক্স, ইউনাইটেড এয়ারওয়েজ, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, তিতাস গ্যাস, আফতাব অটোমোবাইল, ম্যাকসন স্পিনিং, ইউনিয়ন ক্যাপিটাল, বেক্সিমকো ফার্মা ও গোল্ডেন সন।আজ সবচেয়ে বেশি বেড়েছে সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ারের দাম। এ ছাড়া মেঘনা কনডেন্সড মিল্ক, রংপুর ফাউন্ড্রি, ফাইন ফুড, জিকিউ বল পেন, সায়হাম টেক্সটাইল, বিচ হ্যাচারি, সিএমসি কামাল, ফু-ওয়াং ফুড ও বিডি কম দাম বৃদ্ধিতে শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।আজ সবচেয়ে বেশি কমেছে ফার্স্ট লিজ ইন্টারন্যাশনালের শেয়ারের দাম। এ ছাড়া ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রূপালী ইনস্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক, ইউনাইটেড এয়ারওয়েজ, ফিনিক্স ইনস্যুরেন্স, এশিয়া ইনস্যুরেন্স, এনবিএল, প্রাইম ব্যাংক ও ইউসিবিএল দাম কমে যাওয়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে।অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১২৩.৯৫ পয়েন্ট বেড়ে ১৮১২০.৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে মোট ১৯৮টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৩৫টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে ১৫৬ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৯ কোটি টাকা বেশি।