ডিএসই: বেশির ভাগ শেয়ারের দাম কমলেও ব্যাংক খাত চাঙা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার বেশির ভাগ শেয়ারের দাম কমেছে। একই সঙ্গে কমেছে সাধারণ মূল্যসূচকও। তবে ব্যাংক খাতে চাঙাভাব দেখা গেছে। আর্থিক লেনদেনও গতকালের চেয়ে কিছুটা বেড়েছে।ডিএসই সূত্রে জানা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মোট ২৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত ছিল সাতটির।ডিএসইর ওয়েবসাইট সূত্র অনুযায়ী, আজ বেশির ভাগ খাতের প্রতিষ্ঠানের দরপতন হয়েছে। তবে ব্যাংক খাতে চাঙাভাব দেখা যায়। এ খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৭টির এবং কমেছে তিনটির।এ ছাড়া সিমেন্ট ও সিরামিক খাতের পাঁচটির মধ্যে সবকটি, আর্থিক প্রতিষ্ঠান খাতের ২১টির মধ্যে ১৯টির, জ্বালানি খাতের ১১টির মধ্যে ১০টির, ইনস্যুরেন্স খাতের ৪৪টির মধ্যে ৩৩টির, মিউচুয়াল ফান্ড খাতের ২৯টির মধ্যে ১৮টির, ওষুধ খাতের ১৮টির মধ্যে ১৩টির ও বস্ত্র খাতের ২২টির মধ্যে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের আজ দরপতন হয়।এ দিকে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমায় আজ সাধারণ মূল্যসূচক ৭ দশমিক ৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭৯৪০ পয়েন্টে। আজ মোট দুই হাজার ৪৮০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২১০ কোটি টাকা বেশি।আজ লেনদেনে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো—বেক্সিমকো, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, ডেসকো, সাউথ ইস্ট ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।আজ সবচেয়ে বেশি বেড়েছে জুট স্পিনার্সের শেয়ারের দাম। এ ছাড়া রূপালী ইনস্যুরেন্স, সায়হাম টেক্সটাইল, সাভার রিফ্রাক্টরিজ ও রহিম টেক্সটাইল দাম বৃদ্ধিতে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।আজ সবচেয়ে বেশি কমেছে তিতাস গ্যাসের শেয়ারের দাম। এ ছাড়া কেয়া ডিটারজেন্ট, হাক্কানী পালপ অ্যান্ড পেপার, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ ও দেশ গার্মেন্টস দাম কমে যাওয়া শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে। আজ ডিএসইর বাজার মূলধন ৩,৩৭,৩০২ কোটি টাকা।