ডিএসই: বেশির ভাগ শেয়ারের দাম ও সূচক কমেছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার বেশির ভাগ শেয়ারের দাম ও সাধারণ মূল্যসূচক দুইই কমেছে। তবে আর্থিক লেনদেন কিছুটা বেড়েছে।বাজার বিশ্লেষকেরা মনে করছেন, ডিসেম্বর ক্লোজিংয়ের মাস হওয়ায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিশেষ করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তাঁদের বিনিয়োগকৃত অর্থ বাজার থেকে তুলে নিচ্ছেন। এর প্রভাবে বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। এ ব্যাপারে সাধারণ বিনিয়োগকারীরাও একই মত দিয়েছেন।ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইতে মোট ২৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে দাম কমেছে ১৯৬টির, বেড়েছে ৪৬টির ও অপরিবর্তিত রয়েছে দুটির। এদিকে আজ সারা দিনই ডিএসইর সাধারণ সূচকে মিশ্র অবস্থা দেখা গেছে। লেনদেন শুরুর পাঁচ মিনিটের মাথায় সূচক প্রায় ৩৫ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক নিম্নগামী হয়। বেলা ১১টা ২৫ মিনিটের দিকে সূচক আগের দিনের চেয়ে ৪৮ পয়েন্ট নেমে যায়। এর পরও বারবার সূচকের ঊর্ধ্ব ও নিম্নমুখী প্রবণতা দেখা যায়। দিন শেষে সাধারণ সূচক ১১ দশমিক ৯৬ পয়েন্ট কমে ৮০৯৬ দশমিক ১৩ পয়েন্টে দাঁড়ায়।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—এনবিএল, তিতাস গ্যাস, প্রাইম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ইসলামী ব্যাংক, ওয়ান ব্যাংক, বেক্সিমকো, গ্রামীণফোন, এবি ব্যাংক ও পূবালী ব্যাংক।আজ সবচেয়ে বেশি বেড়েছে ইসলামী ব্যাংকের শেয়ারের দাম। এ ছাড়া ন্যাশনাল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ওয়ান ব্যাংক ও শাহাজালাল ইসলামী ব্যাংক দাম বাড়ায় শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে। এ দিকে আজ সবচেয়ে বেশি কমেছে দুলামিয়া কটনের শেয়ারের দাম। এ ছাড়া এইচ আর টেক্সটাইল, তাল্লু স্পিনিং, অগ্নি সিস্টেম, কাশেম ড্রাইসেল, গোল্ডেন সন, ইস্টার্ন হাউজিং, বাংলাদেশ শিপিং করপোরেশন, এইমস প্রথম মিউচুয়াল ফান্ড ও সাভার রিফ্রাক্টরিজ দাম কমে যাওয়া শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।আজ ডিএসইর বাজার মূলধন তিন লাখ ৪৪ হাজার ৯৫ কোটি টাকা।