ডিএসই: ব্যাংকিং ও মিউচুয়াল ফান্ড খাতে শেয়ারের দাম কমেছে
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার ব্যাংকিং ও মিউচুয়াল ফান্ড খাতের শেয়ারের দাম কমেছে। একই সঙ্গে দাম কমেছে লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের। কমেছে সাধারণ মূল্যসূচকও। তবে আর্থিক লেনদেন কিছুটা বেড়েছে।ডিএসই সূত্রে জানা যায়, আজ ব্যাংকিং খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র চারটির দাম বেড়েছে, কমেছে ২৫টির, এ ছাড়া একটি প্রতিষ্ঠানের শেয়ারের দামের কোনো পরিবর্তন হয়নি। একই রকম অবস্থা মিউচুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠানগুলোর ইউনিটেরও। এ খাতের ২৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র চারটির, কমেছে ২৫টির। আইটি খাতের পাঁচটি প্রতিষ্ঠানের সবকটি ও টেলিকমিউনিকেশন খাতের একমাত্র প্রতিষ্ঠান গ্রামীণফোনেরও শেয়ারের দাম কমেছে। এ ছাড়া ইনস্যুরেন্স ও ফার্মাসিউটিক্যালস খাতের শেয়ারেরও একই অবস্থা দেখা যায়।তবে আর্থিক ও সিমেন্ট খাতের বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। মিশ্রভাব দেখা গেছে টেক্সটাইল খাতের প্রতিষ্ঠানগুলোর।আজ শেয়ারবাজারে মিশ্র অবস্থা দেখা যায়। লেনদেনের শুরুতে সাধারণ মূল্যসূচক প্রায় ২৮ পয়েন্ট বেড়ে যায়। দুপুর ১২টার দিকে তা ২৬ পয়েন্ট কমে ৭৪৬৬ পয়েন্টে দাঁড়ায়। দুপুর একটার দিকে আবার সাধারণ সূচক ২৬ পয়েন্ট বেড়ে আগের অবস্থানে দাঁড়ায়। এরপর ক্রমে সাধারণ সূচক নিচের দিকে নামতে থাকে। দিন শেষে সাধারণ সূচক ১৬ দশমিক ৭৬ পয়েন্ট কমে ৭৪৭৬ দশমিক ৮৩ পয়েন্টে দাঁড়ায়।ডিএসইতে আজ ২৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের।আজ মোট এক হাজার ৯৩৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩৯ কোটি টাকা বেশি।লেনদেনে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো—তিতাস গ্যাস, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, বেক্সিমকো, প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও লঙ্কাবাংলা ফিন্যান্স।আজ সবচেয়ে বেশি বেড়েছে দুলামিয়া কটনের শেয়ারের দাম। এ দিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৫০ টাকা বা ১৭ দশমিক ৫০ শতাংশ বৃদ্ধি পায়। এ ছাড়া ইস্টার্ন হাউজিং, সাইহাম টেক্সটাইল, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও ডেল্টা স্পিনিং দাম বৃদ্ধিতে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।আজ সবচেয়ে বেশি কমেছে অ্যাপেক্স ওয়েভিংয়ের শেয়ারের দাম। এ ছাড়া মুন্নু স্টাফলারস, বিজিআইসি, অগনি সিস্টেমস লিমিটেড ও প্রথম বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা দাম কমে যাওয়া শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।আজ ডিএসইর বাজার মূলধন ৩,২৫,১৫২ কোটি টাকা।