ডিএসই: সাধারণ সূচক বেড়েছে, বেড়েছে লেনদেনও
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সাধারণ মূল্যসূচক বেড়েছে। বেড়েছে আর্থিক লেনদেনও। তবে আজ বেশির ভাগ শেয়ারের দাম কমেছে।ডিএসই সূত্রে জানা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সাধারণ মূল্যসূচক ৫৮ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ৮১৪১ দশমিক ২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে আজ মোট দুই হাজার ৫৮১ কোটি টাকার কিছু বেশি লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৫২ কোটি টাকা বেশি। লেনদেন হওয়া মোট ২৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে তিনটির।এদিকে, আজ বেশির ভাগ শেয়ারের দর কমলেও ব্যাংক খাতে চাঙাভাব লক্ষ করা গেছে। আজ এ খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ২০টির দর বেড়েছে। এ ছাড়া অন্যান্য খাতের বেশির ভাগ শেয়ারের দাম কমেছে। তবে টেলিযোগাযোগ খাতের একমাত্র প্রতিষ্ঠান গ্রামীণফোনের শেয়ারের দাম বেড়েছে।আজ লেনদেনে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো এবি ব্যংক, সাউথ-ইস্ট ব্যাংক, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক ও বেক্সিমকো।আজ সবচেয়ে বেশি বেড়েছে তাল্লু স্পিনিংয়ের শেয়ারের দর। এ ছাড়া ওসিএল, প্রাইম টেক্সটাইল, রহিমা ফুড ও লিব্রা ইনফিউশনস দর বৃদ্ধিতে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।আজ সবচেয়ে বেশি কমেছে সিএমসি কামালের শেয়ারের দর। এ ছাড়া ফাইন ফুডস, বঙ্গজ, গ্রামীণ মিউচুয়াল ফান্ড ১ ও শমরিতা হাসপাতাল দর কমে যাওয়া শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।আজ ডিএসইর বাজার মূলধন ৩,৪২,১৩৪ কোটি টাকা।