ডিএসই: সূচক কমেছে, বেড়েছে লেনদেন
এক দিন ঊর্ধ্বমুখী প্রবণতার পর গতকাল মঙ্গলবার থেকে আবারও সূচকের নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। গতকালের ধারাবাহিকতায় আজ বুধবারও সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশির ভাগ কোম্পানি দর হারিয়েছে। এর ফলে সূচকও কমেছে। তবে লেনদেন বেড়েছে এই স্টক এক্সচেঞ্জে। ডিএসই সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ২৯.৮৫ পয়েন্ট কমে ৩৮৫৪.৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। শুরুতে ১৫ পয়েন্ট সূচক বাড়ে। এর পর থেকে সূচক নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৯টিরই দাম কমেছে; বেড়েছে মাত্র ৯১টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এই স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৭৮ কোটি টাকা, যা গতকালের চেয়ে ৭২ কেটি টাকা বেশি।দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: গ্লোবাল হেভি কেমিক্যাল, প্রিমিয়ার সিমেন্ট, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ার, গোল্ডেন হারভেস্ট, আরগন ডেনিমস, আরএন স্পিনিং, বিএসসিসিএল ও বেক্সিমকো।