ডিএসই: ৮ হাজার পয়েন্ট অতিক্রম করল সাধারণ সূচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার সাধারণ মূল্যসূচক আট হাজার পয়েন্ট অতিক্রম করেছে। কয়েকদিন ধরে সূচক লেনদেনের সময় আট হাজার পয়েন্ট অতিক্রম করার পরও দিন শেষে তা আট হাজারের নিচে নেমে যাচ্ছিল। তবে আজ বেশির ভাগ শেয়ারের দাম বাড়ায় সাধারণ সূচক আট হাজার পয়েন্ট অতিক্রম করেছে। দিন শেষে তা দাঁড়িয়েছে ৮০৮৩ পয়েন্টে, যা ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে। দিন শেষে সাধারণ মূল্যসূচক ১০৮ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮০৮৩ পয়েন্টে। আজ লেনদেন হওয়া ২৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে তিনটির। আজ ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান খাতে চাঙাভাব দেখা গেছে। ব্যাংকিং খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ২৬টির, বিমা খাতের ৪৪টির মধ্যে ২৯টির ও আর্থিক প্রতিষ্ঠান খাতের ২১টির মধ্যে ১৬টির শেয়ারের দাম বেড়েছে। এ ছাড়া অন্যান্য খাতে মিশ্রভাব দেখা গেছে। তবে টেলিযোগাযোগ খাতের একমাত্র প্রতিষ্ঠান গ্রামীণফোনের শেয়ারের দাম গত চার দিন কমের দিকে থাকার পর আজ ১১.৪০ টাকা বেড়েছে। ডিএসইতে আজ মোট দুই হাজার ৩২৯ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৯৭ কোটি টাকা কম।আজ লেনদেনে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো—পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, কনফিডেন্স সিমেন্ট, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক ও এনসিসি ব্যাংক।আজ সবচেয়ে বেশি বেড়েছে মুন্নু সিরামিকের শেয়ারের দাম। এ ছাড়া বিএসআরএম স্টিল, রূপালী লাইফ ইনস্যুরেন্স, বঙ্গজ ও রেকিট বেঙ্কাইজার দাম বাড়ার শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।আজ সবচেয়ে বেশি কমেছে ওসমানিয়া গ্লাসের শেয়ারের দাম। এ ছাড়া কোহিনুর কেমিক্যাল, বিডি ওয়েল্ডিং ইলেক্ট্রডস, জেমিনি সি ফুড ও দুলামিয়া কটন দর কমে যাওয়া শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৩,৪০,৫১১ কোটি টাকা।