ডিএসইএক্স সূচকে অন্তর্ভুক্ত আরও ২৩ কোম্পানি
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স ও ডিএস-৩০ সূচক পুনর্গঠন করা হয়েছে। ডিএসইএক্স সূচকে নতুন করে ২৩টি কোম্পানি অন্তর্ভুক্ত হয়েছে। এ নিয়ে এই সূচকে অন্তর্ভুক্ত কোম্পানির সংখ্যা দাঁড়াল ২২৬-এ। আর ডিএস-৩০ সূচকে অন্তর্ভুক্ত হয়েছে চারটি কোম্পানি। আজ রোববার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ডিএসইর সূচক গণনা কমিটি আন্তর্জাতিক সূচক গণনা প্রতিষ্ঠান এসঅ্যান্ডপির মেথোডলজি অনুযায়ী এ দুই সূচক পুনর্গঠন করে। আজ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়।
ডিএসইএক্স সূচকে অন্তর্ভুক্ত হওয়া ২৩টি কোম্পানি হলো—ফারইস্ট ফাইন্যান্স, ইস্টার্ন ক্যাবলস, রেনউইক যজ্ঞেশ্বর, ন্যাশনাল টিউবস, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, প্রাণ (এএমসিএল), রহিম টেক্সটাইল, এমবি ফার্মা, ইবনে সিনা, লিবরা ইনফিউশন, গ্লোবাল হেভি কেমিক্যাল, জেএমআই সিরিঞ্জ, সেন্ট্রাল ফার্মা, হাক্কানী পাল্প অ্যান্ড পেপার, শমরিতা হাসপাতাল, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, পূরবী জেনারেল ইনস্যুরেন্স, প্রগতি ইনস্যুরেন্স, প্রাইম ইনস্যুরেন্স, সানলাইফ ইনস্যুরেন্স, উসমানিয়া গ্লাস ও বার্জার পেইন্টস।
ডিএসইএক্স পুনর্গঠনের বাদ পড়েছে চারটি কোম্পানি। এর মধ্যে রয়েছে সিভিও পেট্রো কেমিক্যাল, রহিমা ফুড, কেঅ্যান্ডকিউ ও মাইডাস ফাইনান্স।
অন্যদিকে ডিএস-৩০ সূচকে অন্তর্ভুক্ত নতুন চারটি কোম্পানি হলো ইউসিবিএল, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, ওরিয়ন ফার্মা ও রেনাটা লিমিটেড। আর এই সূচক থেকে বাদ পড়েছে বেক্সিমকো, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, সাউথইস্ট ব্যাংক ও স্কয়ার টেক্সটাইল।