ডিএসইতে অব্যাহত দরপতনে আজও বিনিয়োগকারীদের বিক্ষোভ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবারও দরপতনের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদের বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা আজও ডিএসইর সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। এ নিয়ে সপ্তাহের চার দিনই বিক্ষোভের ঘটনা ঘটেছে ডিএসইর সামনের সড়কে।প্রত্যক্ষদর্শীরা জানান, চাঙাভাবের মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হলেও দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক ১৪৯ পয়েন্ট কমে যায়। এতে বিনিয়োগকারীরা বিক্ষুব্ধ হয়ে আজও রাস্তায় নেমে আসেন। বেলা তিনটার দিকে তাঁরা মতিঝিলে শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত ডিএসইর সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করেন। তাঁরা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখেন। বিনিয়োগকারীরা ডিএসইর প্রেসিডেন্ট ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে বেলা চারটার দিকে পুলিশ রাস্তা থেকে বিনিয়োগকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।এ দিকে বিক্ষোভ চলাকালে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ হ ম মোস্তফা কামালের বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয়। বিনিয়োগকারীরা অভিযোগ করেন, ডিএসইর সূচক সাড়ে তিন বা চার হাজারে নামিয়ে আনার ব্যাপারে মোস্তফা কামালের গতকালের বক্তব্য বাজারে বিরূপ প্রভাব ফেলেছে। এর ফলে আজ দিনের শুরুতে বাজার চাঙা হলেও দিন শেষে দরপতনের ঘটনা ঘটে।বাজার বিশ্লেষকেরাও বাজারের অব্যাহত দরপতনে সরকারের ওপর মহলের সমন্বয়হীনতাকে দায়ী করছেন। ডিএসইর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ খান বলেন, সম্প্রতি সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যে শেয়ারবাজার নিয়ে বেশ সমন্বয়হীনতা দেখা দিয়েছে। তাঁদের উচিত সমন্বিত কোনো পদক্ষেপ নেওয়া। এতে বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে।বাজারে তারল্যসংকট কাটাতে সরকারিভাবে তহবিল গঠন করে ওই টাকা বাজারে খাটানো যেতে পারে বলে মনে করেন ওই অধ্যাপক। তাঁর মতে, এর ফলে বিনিয়োগকারীরা স্থিতিশীল হবেন। বাজারেও স্থিতিশীলতা আসবে। সরকার চাইলে পরে শেয়ার বিক্রি করে বা একটি মিউচুয়াল ফান্ড গঠন করে ওই টাকা তুলে নিতে পারবে।বাজার পরিস্থিতি: আজ চাঙাভাবের মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটের মাথায় সূচক ১০০ পয়েন্টের বেশি বেড়ে যায়। কিছুক্ষণের মধ্যে আবার সূচক প্রায় ৭০ পয়েন্ট নেমে যায়। এর পর সূচক আবার বাড়তে থাকে। তবে দুপুর ১২টা ৫৫ মিনিটের পর থেকে সূচকের পতন শুরু হয়। দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৪৯ দশমিক ৪৪ পয়েন্ট কমে ৬৬৭৩ পয়েন্টে দাঁড়ায়। আজ লেনদেন হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৭টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ ছাড়া আজ স্টক এক্সচেঞ্জটিতে মোট ৬৭৩ কোটি টাকার লেনদেন হয়েছে।