২০০৮ সালের ১৭ জানুয়ারিকে ভিত্তি তারিখ ধরে আজ সোমবার থেকে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চালু হচ্ছে নতুন দুটি সূচক। নতুন এই দুই সূচকের মধ্যে একটির নামকরণ করা হয়েছে ডিএসইএক্স (DSEX)। এটি ডিএসইর বর্তমান সাধারণ সূচকেরই (DGEN) প্রতিফলন ঘটাবে। অপরটির নামকরণ করা হয়েছে ডিএস-৩০ (DS-30)। এটি ডিএসইর বিদ্যমান সূচক ডিএস-২০ সূচককে প্রতিস্থাপিত করবে।দুই হাজার ৯৫১ দশমিক ৯১ পয়েন্টের অবস্থানকে নতুন ডিএসইএক্স সূচকের ভিত্তি ধরা হয়েছে। ফলে সর্বশেষ গতকাল রোববার লেনদেন শেষে নতুন এই সূচকের অবস্থান দাঁড়িয়েছে চার হাজার ৫৫ পয়েন্টে, যাতে বিদ্যমান সাধারণ সূচকের সঙ্গে এটির অবস্থানগত পার্থক্য দাঁড়ায় প্রায় ১১৬ পয়েন্টের। আজ দিনের লেনদেনের শুরুতেই ডিএসইএক্স হবে চার হাজার ৫৫ পয়েন্ট।এদিকে এক হাজার পয়েন্টকে ভিত্তি ধরে ২০০৮ সালের ১৭ জানুয়ারি থেকে ডিএস-৩০ সূচকের হিসাব করা হয়েছে। এর ফলে রোববার লেনদেন শেষে নতুন এই সূচকের অবস্থান দাঁড়িয়েছে প্রায় এক হাজার ৪৬০ পয়েন্টে।গত বৃহস্পতিবার ডিএসইর পরিচালনা পর্ষদের এক সভায় নতুন সূচক চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সেদিনই ডিএসইর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ জানুয়ারি থেকে ডিএসইতে নতুন সূচক চালু হবে।এদিকে ডিএসইর একটি প্রতিনিধিদল গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কার্যালয়ে গিয়ে নতুন সূচকের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেছে। জানা গেছে, ২০০৮ সালের ১৭ জানুয়ারির সাধারণ সূচককে নতুন ডিএসইএক্স সূচকের প্রারম্ভিক ভিত্তি ধরা হয়। এর পর থেকে তালিকাভুক্ত কোম্পানিগুলোর লেনদেনযোগ্য (ফ্রি-ফ্লোট) শেয়ারকে গণনায় নিয়ে বাজারের যে চিত্র পাওয়া গেছে, তাতে গত পাঁচ বছরে ভিত্তিসূচকের সঙ্গে যুক্ত হয়েছে প্রায় এক হাজার ১০৩ পয়েন্ট। একই দিনে এক হাজার সূচককে প্রারম্ভিক ভিত্তি ধরে গণনা করা হয় বাছাই করা ৩০ কোম্পানিকে নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক। অর্থাৎ, ডিএস-৩০ সূচকের জন্য যেসব কোম্পানি বাছাই করা হয়েছে, সেসব কোম্পানির শুধু লেনদেনযোগ্য শেয়ারের ভিত্তিতে বাজারের যে তথ্য পাওয়া গেছে, তাতে গত পাঁচ বছরে ভিত্তিসূচকের সঙ্গে যুক্ত হয়েছে প্রায় ৪৬০ পয়েন্ট। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সূচকের ঐতিহাসিক ধারা ও আন্তর্জাতিক মান বজায় রাখতেই ২০০৮ সালের ১৭ জানুয়ারির দুই হাজার ৯৫১ দশমিক ৯১ পয়েন্টকে নতুন সূচকের ভিত্তি ধরা হয়েছে। আন্তর্জাতিক মান অনুযায়ী, সূচক গণনার ক্ষেত্রে সাধারণত কমপক্ষে পাঁচ বছরের পুরোনো তথ্য হিসাবে ধরা হয়। পাশাপাশি নতুন সূচকে পুরোনো ঐতিহাসিক ধারাকেও সংরক্ষণের চেষ্টা করা হয়েছে, যাতে ভবিষ্যতে কখনো কোনো গবেষক গবেষণা করতে গেলে অতীত প্রেক্ষাপটও বুঝতে সক্ষম হন। ডিএসই-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, নতুন দুটি সূচক চালু হওয়ার দিন থেকে বিদ্যমান ডিএসআই সূচকটি আর প্রকাশিত হবে না। আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর (এসঅ্যান্ডপি) সূচক গণনার নিজস্ব পদ্ধতি অনুসরণ করে নতুন এই দুটি সূচক তৈরি করেছে। নতুন এই সূচক চালুর দিন প্রতিষ্ঠানটির প্রতিনিধিও উপস্থিত থাকবেন। এরই মধ্যে এসঅ্যান্ডপির প্রতিনিধি ঢাকায় অবস্থান করছেন বলে ডিএসই সূত্র জানিয়েছে।