ডিএসইতে আজ তিন মাসে সর্বোচ্চ লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের বড় ধরনের উত্থানের মধ্যে আজ মঙ্গলবার শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকের বড় উল্লম্ফন লক্ষ করা গেছে। একই সঙ্গে লেনদেন বেড়েছে দুই বাজারে। আজ ডিএসইর লেনদেন ৭৫০ কোটি টাকা ছাড়িয়েছে, যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ।


বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। গতকাল বেশ কয়েকজন নতুন মন্ত্রী শপথ নিয়েছেন। আজ সন্ধ্যায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্ করবেন। সার্বিকভাবে রাজনৈতিক পরিস্থিতি ইতিবাচক ধারায় যেতে পারে, এমনটিই মনে করছেন বিনিয়োগকারীরা। ফলে নতুন করে অনেকে বাজারে সক্রিয় হয়েছেন, যার প্রভাব দেখা যাচ্ছে বাজারে।

ডিএসইতে ৭৮৮ কোটি টাকা লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ৭৮৮ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২০৮ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৫৮০ কোটি টাকা লেনদেন হয়। এদিকে ডিএসইর আজকের লেনদেন প্রায় তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২৫ আগস্ট ডিএসইতে ৮২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

লেনদেনের পাশাপাশি সূচকও বেড়েছে ডিএসইতে। দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ২ দশমিক ৩৮ শতাংশ বা ১০২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৩৮১ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। ডিএসইতে আজ ২৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২২৩টির দাম বেড়েছে, কমেছে ৫৭টির আর অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

সিএসইর লেনদেন ৭৬ কোটি টাকা

ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ২৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৫৬৩ পয়েন্টে।
সিএসইতে আজ ২২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১৭০টির দাম বেড়েছে, কমেছে ৩৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৭৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৭ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৫৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি

এদিকে গতকালের মতো আজও ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল। আজ এই প্রতিষ্ঠানের ৩৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া জেনারেশন নেক্সট ফ্যাশন, মেঘনা পেট্রোলিয়াম, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, পদ্মা অয়েল, ইউসিবিএল, যমুনা অয়েল, বেক্সিমকো, বেঙ্গল উইন্ডসর প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।