ডিএসইতে আজ সূচক বেড়েছে ১০৫ পয়েন্ট, সিএসইতে ৮৯ পয়েন্ট
দেশের পুঁজিবাজারে আজ বৃহস্পতিবারও চাঙাভাব অব্যাহত রয়েছে। আজ দুই স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) সাধারণ সূচক বৃদ্ধির পাশাপাশি বেড়েছে আর্থিক লেনদেন। তবে ডিএসইতে বেশির ভাগ শেয়ারের দাম বাড়লেও সিএসইতে কমেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে জানা যায়, চাঙাভাবের মধ্য দিয়ে ডিএসইতে আজ লেনদেন শুরু হয়। শুরুতেই ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ২৩০ পয়েন্টের বেশি বেড়ে যায়। এরপর সূচক কিছুটা নেমে এলেও দিন শেষে সাধারণ মূল্যসূচক ১০৫.৪৫ পয়েন্ট বেড়ে ৭৩৮৫.৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে মোট তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে আজ এক হাজার ৩০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৪৪৩ কোটি টাকা বেশি। গতকাল সেখানে ৩৮০ কোটি টাকার লেনদেন হয়।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ৮৯.৭২ পয়েন্ট বেড়ে ২০৯৬৫.২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ১২৬ কোটি টাকার লেনদেন হয়, যা গতকালের চেয়ে ১৭ কোটি টাকা বেশি। গতকাল সিএসইতে ১০৯ কোটি টাকার লেনদেন হয়।ডিএসই সূত্রে আজ লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো ইউসিবিএল, ন্যাশনাল ব্যাংক, বেক্সিমকো, গ্রামীণফোন, বেক্সটেক্স, তিতাস গ্যাস, সাউথইস্ট ব্যাংক, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, ওয়ান ব্যাংক ও ম্যাকসন স্পিনিং।আজ সবচেয়ে বেশি বেড়েছে সামিট এলায়েন্স পোর্টের শেয়ারের দাম। এ ছাড়া মালেক স্পিনিং, উত্তরা ব্যাংক, নাভানা সিএনজি, কেয়া কসমেটিক, ঢাকা ডাইয়িং, আরএন স্পিনিং, ইউনাইটেড এয়ারওয়েজ, অগ্নি সিস্টেম ও সায়হাম টেক্সটাইল দাম বৃদ্ধিতে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।ডিএসইতে আজ সবচেয়ে বেশি কমেছে অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম। এ ছাড়া শ্যামপুর সুগার, মডার্ন ডাইং, ইসলামী ইনস্যুরেন্স, বিকন ফার্মা, প্রথম প্রাইম ফিন্যান্স মিউচুয়াল ফান্ড, আরামিট, দেশ গার্মেন্টস, আইসিবি ইসলামী ব্যাংক ও দেশবন্ধু পলিমার লিমিটেড দাম কমে যাওয়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে। আজ ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে তিন লাখ ২১ হাজার ৫৩০ কোটি টাকায়।