ডিএসইতে আজ ৫ রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার চাঙাভাবের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এর ফলে ডিএসইতে পাঁচটি রেকর্ড হয়েছে, যার মধ্যে রয়েছে সাধারণ মূল্যসূচক, সার্বিক মূল্যসূচক, বাজারমূলধন, আর্থিক লেনদেন ও মোট শেয়ারের লেনদেন।ডিএসই সূত্রে জানা যায়, চাঙাভাবের মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়, যা সারা দিনই অব্যাহত থাকে। বিকেল ৩টায় লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৮০ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ৮৯১৮ দশমিক ৫১ পয়েন্টে পৌঁছে, যা ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ মাইলফলক। এ ছাড়া সার্বিক মূল্যসূচকও (ডিএসআই ইনডেক্স) ৫৮ দশমিক ০২ পয়েন্ট বেড়ে ৭৩৮৩ দশমিক ৯৩ পয়েন্টে দাঁড়ায়। এটিও ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ।দুই সূচক বৃদ্ধির সঙ্গে মোট আর্থিক লেনদেন, মোট শেয়ার লেনদেন ও বাজারমূলধন ডিএসইর ইতিহাসে একদিনের লেনদেনে সর্বোচ্চ বেড়ে রেকর্ড হয়েছে। আজ মোট তিন হাজার ২৪৯ কোটি টাকার লেনদেন হয়েছে। এর আগে গত ৩১ অক্টোবর ডিএসইতে তিন হাজার ২০৮ কোটি টাকার লেনদেন হয়। লেনদেন হওয়া শেয়ারের সংখ্যা তিন লাখ ৮৯ হাজার ৩১০টি। একই সঙ্গে আজ ডিএসইর বাজারমূলধন বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৬৮ হাজার ৭১ কোটি টাকা। ডিএসইতে আজ মোট ২৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ১৪৯টির আর অপরিবর্তিত রয়েছে তিনটির।আজ লেনদেনে শীর্ষ ১০টি প্রতিষ্ঠান হলো—এবি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, প্রিমিয়ার ব্যাংক, বেক্সিমকো, ইউসিবিএল, সিটি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও এসপি সিরামিক।আজ সবচেয়ে বেশি বেড়েছে ইসলামী ব্যাংকের শেয়ারের দাম। এ ছাড়া কেয়া ডিটারজেন্ট, সিটি ব্যাংক, এইচআর টেক্সটাইল, ইসলামী ইনস্যুরেন্স, প্রিমিয়ার লিজিং, সায়হাম টেক্সটাইল, ন্যাশনাল টিউবস, এবি ব্যাংক ও প্রভাতী ইনস্যুরেন্স। আজ সবচেয়ে বেশি কমেছে ফার্মা এইডের শেয়ারের দাম। এ ছাড়া মিথুন নিটিং, তাল্লু স্পিনিং, বঙ্গজ লিমিটেড, সিএমসি কামাল, আজিজ পাইপ, দেশ গার্মেন্টস, স্ট্যান্ডার্ড সিমেন্ট, সাফকো স্পিনিং ও এম্বি ফার্মা দাম কমে যাওয়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।