ডিএসইতে আবারও দরপতন আবারও বিক্ষোভ
শেয়ারবাজারে অব্যাহত দরপতনে পুঁজি হারিয়ে দিশেহারা বিনিয়োগকারীরা আজ বৃহস্পতিবারও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ নিয়ে সেখানে গোটা সপ্তাহজুড়ে দরপতন ও বিক্ষোভের ঘটনা ঘটল।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৪৬ পয়েন্ট নেমে গেলে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা ডিএসইর সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিনিয়োগকারীরা ডিএসই ও এসইসির কর্মকর্তাদের বিরুদ্ধে নানা স্লোগান দেন। পরে বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশ বিনিয়োগকারীদের রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।বাজার পরিস্থিতি: আজ ডিএসইতে লেনদেনের শুরু থেকেই সাধারণ সূচকের ওঠানামা ছিল চোখে পড়ার মতো। লেনদেনের শুরুতে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১০৫ পয়েন্ট নেমে যায়। কিছুক্ষণের মধ্য সূচক ঘুরে ২৫ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১১টা ১৫ মিনিটের পর থেকে সূচকের পতন শুরু হয়। এরপর কয়েক দফা ওঠা-নামার পর দিন শেষে সূচক ১৪৬.২২ পয়েন্ট কমে ৬৫২৭.১৯ পয়েন্টে দাঁড়ায়। আজ ডিএসইতে ২৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৭টির এবং কমেছে ২৩৩টি প্রতিষ্ঠানে। স্টক এক্সচেঞ্জটিতে মোট ৫৬৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১০ কোটি টাকা বেশি।ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এনবিএল, ইউসিবিএল, গ্রামীণফোন, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, বেক্সিমকো, লঙ্কা বাংলা ফাইন্যান্স, প্রাইম ব্যাংক, তিতাস গ্যাস, বে লিজিং ও ইউনাইটেড এয়ারওয়েজ।অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্যসূচকের পতনের পাশাপাশি কমেছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ সিএসইতে লেনদেন শেষে সাধারণ মূল্যসূচক ৩৩৬.৮৩ পয়েন্ট কমে ১৮৭০৩.২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ সিএসইতে ১৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৯টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে মোট নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে মোট লেনদেনের পরিমাণ ছিল ৭৩ কোটি টাকা।