ডিএসইতে আড়াই ঘণ্টায় ২৪০ কোটি টাকার লেনদেন
সূচকের ইতিবাচক প্রবণতার মধ্য দিয়ে আজ বুধবার লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা একটায় লেনদেনের আড়াই ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে সূচক সামান্য বেড়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, বেলা একটায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৪২৫ পয়েন্টে।
সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ১১টা ২০ মিনিটে সূচক বাড়ে ৩৫ পয়েন্ট। এরপর সূচক বাড়ার হার কমতে শুরু করে, যা এখনো অব্যাহত রয়েছে।
এ সময় ডিএসইতে ২৮৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯৪টির দাম বেড়েছে, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এ সময় পর্যন্ত ডিএসইতে ২৪০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আড়াই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, বিএসআরএম স্টিল, মেঘনা পেট্রোলিয়াম, হেইডেলবার্গ সিমেন্ট, মিথুন নিটিং, এমজেএল বিডি, ন্যাশনাল টিউবস, ইউসিবিএল, স্কয়ার ফার্মা প্রভৃতি।