ডিএসইতে আড়াই ঘণ্টায় ৪৩১ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ইতিবাচক প্রবণতায় আজ বৃহস্পতিবার লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা একটায় লেনদেনের আড়াই ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে। পাশাপাশি লেনদেনেও গতি লক্ষ করা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা একটায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৭০৭ পয়েন্টে।

এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।

এই সময়ে ডিএসইতে ২৮৬ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৬টির দাম বেড়েছে, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এই সময় পর্যন্ত ডিএসইতে ৪৩১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গ্রামীণফোন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, হেইডেলবার্গ সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা অয়েল, লাফার্জ সুরমা সিমেন্ট, রেনাটা, সাউথইস্ট ব্যাংক, যমুনা অয়েল, স্কয়ার ফার্মা প্রভৃতি।