ডিএসইতে আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে গতকাল মঙ্গলবারও মূল্যসূচক এবং লেনদেনের ঊর্ধ্বগতি বজায় ছিল। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক এদিন ৯৭ পয়েন্ট বা প্রায় ২ শতাংশ বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে প্রায় ১৯৮ পয়েন্ট বা ১ দশমিক ৪৬ শতাংশ।সেই সঙ্গে দুই বাজারেই লেনদেনের পরিমাণ বেড়েছে। ডিএসইতে গতকাল লেনদেন ছাড়িয়েছে ৫৫০ কোটি টাকা, যা গত প্রায় আড়াই মাসের ব্যবধানে সর্বোচ্চ। এর আগে গত ১ জানুয়ারি সর্বশেষ ঢাকার বাজারে ৬১৫ কোটি টাকার লেনদেন হয়েছিল। অন্যদিকে দিন শেষে সিএসইতে লেনদেন ছাড়িয়ে গেছে ৬০ কোটি টাকা।যোগাযোগ করা হলে ডিএসইর সদ্যবিদায়ী সভাপতি শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, ‘মূলত দুটি কারণে বাজারে কিছুটা গতি ফিরেছে। প্রথমত, ডিএসইর নির্বাচন বা নেতৃত্বকে ঘিরে বিনিয়োগকারীদের যে প্রত্যাশা ছিল, সেটি পূরণ হয়েছে। দ্বিতীয়ত, দেশের সামগ্রিক অর্থনীতিতেও কিছু ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। এ দুই কারণে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বা মনোবল আগের চেয়ে বেড়েছে।রিজভী আরও বলেন, শেয়ারের দাম যখন বাড়তে থাকে, তখন বাজারে লেনদেনের পরিমাণও বাড়তে থাকে। এটাই বাজারের ধর্ম। এ ছাড়া কয়েক দিনের ঊর্ধ্বগতি নিষ্ক্রিয় অনেক বিনিয়োগকারীকে আবারও বাজারে সক্রিয় করেছে। এটিও লেনদেন বাড়ার অন্যতম একটি কারণ। কয়েক দিন ধরে বাজারে লেনদেন একটু একটু করে বাড়ছে। এতে মনে হচ্ছে ব্যক্তিশ্রেণীর সাধারণ বিনিয়োগকারীদের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও বাজারে সক্রিয় হচ্ছে।মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়েই গতকাল ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। প্রথম ৪০ মিনিটের মধ্যেই ঢাকার বাজারের সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ১০৮ পয়েন্ট বেড়ে যায়। এ সময়ের মধ্যে লেনদেনও ছাড়িয়ে যায় শত কোটি টাকা। এরপর সূচক বৃদ্ধির গতি কিছুটা মন্থর হয়। বেলা একটার পর সূচক আবারও বাড়তে শুরু করে। বেলা দুইটা ২৫ মিনিটে সাধারণ সূচক বেড়ে চার হাজার ৭৮৭ পয়েন্টে ওঠে। আর সেটিই ছিল গতকাল ঢাকার বাজারের সূচকের সর্বোচ্চ অবস্থান।ঢাকার বাজারে মঙ্গলবার ২৫৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২২৩টির দাম বেড়েছে, কমেছে ২৯টির আর অপরিবর্তিত ছিল সাতটি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে ডিএসইর সাধারণ সূচক বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৭৬৯ পয়েন্টে। এদিন ডিএসইতে প্রায় ৫৭৫ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ৯২ কোটি টাকা বেশি। চলতি মাসে এই প্রথম ৫৫০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে প্রধান শেয়ারবাজারে। চট্টগ্রামের বাজারে সার্বিক মূল্যসূচক গতকাল বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৫০ পয়েন্টে। এদিন সিএসইতে ১৯৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৬০টিরই দাম বেড়েছে, কমেছে ২৬টির আর অপরিবর্তিত ছিল সাতটি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৬৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় আট কোটি টাকা বেশি।