ডিএসইতে ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ইতিবাচক প্রবণতায় আজ সোমবার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। বেলা একটায় লেনদেনের আড়াই ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে। যদিও গতকাল রোববার সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয় ডিএসইতে।
ডিএসই সূত্রে জানা যায়, বেলা একটায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৩৬৩ পয়েন্টে। সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে। গতকাল ডিএসইএক্স সূচক কমেছিল ৬ পয়েন্ট।
এই সময়ে ডিএসইতে ২৭৫ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৬টির দাম বেড়েছে। কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ১৭৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আড়াই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসসিসিএল, এসিআই, বেক্সিমকো, স্কয়ার ফার্মা, ইউসিবিএল, বিএসআরএম স্টিল, গোল্ডেন সন, সাউথইস্ট ব্যাংক প্রভৃতি।