ডিএসইতে এক ঘণ্টায় ১৩৩ কোটি টাকার লেনদেন
সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার সূচকের ওঠানামার প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। বেলা সাড়ে ১১টায় লেনদেনের এক ঘণ্টা শেষে ডিএসইতে ১৩৩ কোটি টাকার লেনদেন হয়েছে। এ সময় ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকও কমেছে। তবে শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলে এই বাজারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,১৩০ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ২০ মিনিটে সূচক গতকালের চেয়ে ২২ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক নিম্নমুখী হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৪৮ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গ্রামীণফোন, অ্যাকটিভ ফাইন, লংকাবাংলা ফিন্যান্স, আইসিবি, ইউনাইটেড এয়ার, পদ্মা অয়েল, সানলাইফ ইনস্যুরেন্স আরএন স্পিনিং, ডেল্টালাইফ ইনস্যুরেন্স প্রভৃতি।