ডিএসইতে এক বছরে সূচক বেড়েছে প্রায় দ্বিগুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত এক বছরে সাধারণ মূল্যসূচক প্রায় ৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে শেয়ার লেনদেন, আর্থিক লেনদেন, বাজার মূলধন, মোট দেশজ উত্পাদনে (জিডিপি) বাজার মূলধনের অনুপাত, নতুন শেয়ার ও মিউচুয়াল ফান্ডের পরিমাণও বেড়েছে এ বছর। বছরের শেষ মাসে ডিএসইর মূল্যসূচক সর্বোচ্চ অবস্থানে পৌঁছে, আবার একই মাসে একদিনে সর্বোচ্চ দরপতনের ইতিহাস গড়ে ডিএসই। তবে ডিএসইর প্রেসিডেন্ট এ বছরকে সফল বছর হিসেবে অভিহিত করেছেন।ডিএসই সূত্রে জানা যায়, গত এক বছরে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৮২ দশমিক ৭৮ শতাংশ বা তিন হাজার ৭৫৪ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে বছরের শেষ কর্মদিবস গত বৃহস্পতিবার আট হাজার ২৯০ দশমিক ৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। গত বছরের একই দিন সূচক ছিল চার হাজার ৫৩৫ দশমিক ৫৩ পয়েন্ট। তবে গত ৫ ডিসেম্বর ডিএসইর সাধারণ মূল্যসূচক সর্বোচ্চ আট হাজার ৯১৮ দশমিক ৫১ পয়েন্ট পৌঁছে, যা ডিএসইর ইতিহাসে সূচকের সর্বোচ্চ মাইলফলক। এ ছাড়া গত ১৯ ডিসেম্বর ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ দরপতনের ঘটনা ঘটে। এদিন সাধারণ সূচক ছয় দশমিক ৭২ শতাংশ বা ৫৫১ দশমিক ৭৬ পয়েন্ট কমে যায়। এর আগে ৮ ডিসেম্বর লেনদেনের এক ঘণ্টার ব্যবধানে সূচক ৪৪৭ পয়েন্ট নেমে যায়। পরে অবশ্য বাজার কিছুটা ঘুরে দাঁড়ায়। এ ঘটনায় উভয় দিন আতঙ্কিত বিনিয়োগকারীরা ডিএসইর সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।এ বছর ডিএসইতে তালিকাভুক্ত এক হাজার ৬৯৭ কোটি ৪৫ লাখ সিকিউরিটিজ লেনদেন হয়, যার মূল্য চার লাখ ৯৯১ কোটি ২৬ লাখ টাকা। ২০০৯ সালে ছিল এই লেনদেনের পরিমাণ ছিল ৭৯৬ কোটি ৮০ লাখ সিকিউরিটিজ এবং এক লাখ ৪৭ হাজার ৫৩০ কোটি ৯০ লাখ টাকা। গড়ে প্রতিদিন ছয় কোটি ৯৫ লাখ সিকিউরিটিজ বা এক হাজার ৬৪৩ কোটি ৪০ লাখ টাকা লেনদেন হয়। এ হিসাবে ২০০৯ সালের তুলনায় ২০১০ সালে সিকিউরিটিজ লেনদেনের পরিমাণ ১১২ দশমিক ৯০ শতাংশ এবং আর্থিক লেনদেন ১৭১ দশমিক ৮০ শতাংশ বৃদ্ধি পায়। এ বছর মোট ২৪৪ দিন ডিএসইতে লেনদেন হয়েছে, এর মধ্যে সূচক বেড়েছিল ১৫৯ দিন, কমেছিল ৮৪ দিন এবং অপরিবর্তিত ছিল এক দিন।এদিকে গত বৃহস্পতিবার ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে তিন লাখ ৫০ হাজার কোটি টাকায়, যা ২০০৯ সালের ৩০ ডিসেম্বর ছিল এক লাখ ৯০ হাজার কোটি টাকা। অর্থাত্, গত এক বছরে বাজার মূলধন ৮৪ দশমিক ২১ শতাংশ বা এক লাখ ৬০ হাজার কোটি টাকা বৃদ্ধি পায়। ১ জানুয়ারি, ২০০৯ জিডিপিতে ডিএসইর বাজার মূলধনের অনুপাত ছিল ১৯ দশমিক ৭৪ শতাংশ, যা গত দুই বছরে বৃদ্ধি পেয়ে গত বৃহস্পতিবার ৫০ দশমিক ৮০ শতাংশে পৌঁছেছে।২০১০ সালে ডিএসইতে ট্রাভেল অ্যান্ড লেজার খাতের একটি, একটি করপোরেট বন্ড, একটি কনভারটেবল বন্ড ও ১০টি মিউচুয়াল ফান্ডসহ মোট ১৮টি সিকিউরিটিজ প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে বাজারে আসে। যাদের পরিশোধিত মূলধন দুই হাজার ৬৫৩ কোটি ৬৫ লাখ ৮৫ হাজার টাকা। এর মধ্যে এক হাজার ৩২৭ কোটি ৯৫ লাখ ২৪ হাজার টাকার সিকিউরিটিজ সাধারণ জনগণের জন্য বরাদ্দ থাকে।এ ছাড়া গত এক বছরে তিন হাজার ৯৫ কোটি ৭০ লাখ পরিশোধিত মূলধনের ২৫টি প্রতিষ্ঠান ডিএসইতে সরাসরি তালিকাভুক্ত হয়। এর মধ্যে ১২টি মিউচুয়াল ফান্ড, একটি বন্ড, একটি করপোরেট বন্ড ও ১১টি সাধারণ প্রতিষ্ঠান।ঢাকা স্টক এক্সচেঞ্জ শেয়ার লেনদেনের ওপর কর সংগ্রহ করে গত এক বছরে (জানুয়ারি-ডিসেম্বর) ৩১৫ কোটি ৩৮ লাখ ৮৪ হাজার ৫৭ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে। ২০০৯ সালে এ খাত থেকে সরকারের আয়ের পরিমাণ ছিল ৬২ কোটি ৪৬ লাখ ৩৯ হাজার ২৪০ টাকা। পরিসংখ্যানে দেখা যা, গত চার বছরে শেয়ার লেনদেন থেকে আদায়কৃত উেস করের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ২০০৬ সালে এ খাত থেকে সরকারের রাজস্ব আয় হয় এক কোটি ৯৫ লাখ ১৯ হাজার ৩৮৬ টাকা, ২০০৭ সালে নয় কোটি ৬৮ লাখ ৪৫ হাজার ১০০ টাকা এবং ২০০৮ সালে ২০ কোটি তিন লাখ ৮৮ হাজার ২৬৭ টাকা। এ ছাড়া চলতি অর্থবছরের বাজেটে প্রথম পাঁচ মাসে উদ্যোক্তা ও প্লেসমেন্ট শেয়ার বিক্রি থেকে ৭৩ কোটি ২২ লাখ ৯৩ হাজার ১৫১ টাকা সরকারি রাজস্ব আয় হয়েছে। শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় গত বছর ৬ সেপ্টেম্বর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত দুর্বল মৌলভিত্তির ‘জেড’ শ্রেণীভুক্ত নিষ্ক্রিয় বা তুলনামূলক মন্দ কোম্পানিগুলোর শেয়ার লেনদেনের জন্য ওভার দ্য কাউন্টার বা ওটিসি মার্কেট নামে বিকল্প মার্কেট চালু করা হয়। গত ৩০ সেপ্টেম্বরের মধ্যে ‘জেড’ ক্যাটাগরিভুক্ত ২৫টি কোম্পানি ডিমেট করতে ব্যর্থ হওয়ায় ১ অক্টোবর ওই ২৫টি প্রতিষ্ঠানকে ওটিসি মার্কেটে পাঠানো হয়। পরে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশনের আদেশের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরে উত্পাদন বন্ধ ও লোকসান থাকার কারণে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে ব্যর্থ কোম্পানিগুলোর শেয়ারের দর অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ২০ অক্টোবর এমন আরও চারটি প্রতিষ্ঠানকে ওটিসি মার্কেটে পাঠানো হয়। বর্তমানে ওটিসি মার্কেটে ৭৯টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত ওটিসি মার্কেটে ৭৯টি প্রতিষ্ঠানের পাঁচ লাখ দু্ই হাজার ৯২১টি শেয়ার লেনদেন হয়, যার মোট মূল্য ১৩ কোটি ৪৫ লাখ ৯১ হাজার ৫৩৭ টাকা।ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট শাকিল রিজভী কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ২০১০ সালকে ডিএসইর জন্য সফল বছর হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এ বছর ডিএসইতে রেকর্ড-সংখ্যক বিনিয়োগকারী বাজারে যুক্ত হয়েছেন। বাজার মূলধন, আর্থিক লেনদেন ও সাধারণ সূচকও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০১১ সালেও অনেক প্রতিষ্ঠান বাজারে আসছে, যার ফলাফলও আশাব্যঞ্জক হবে। তিনি আরও বলেন, বর্তমান অবস্থা ধরে রেখে বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে পারলে আগামী বছরও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব।