ডিএসইতে এক মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
দেশের পুঁজিবাজারে আজ রোববারও দরপতন হয়েছে। দুই স্টক এক্সচেঞ্জে আজ লেনদেন হওয়া প্রায় সব প্রতিষ্ঠানের দরপতন হয়েছে। এর ফলে সূচকও পতন হয়েছে। আর প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ গত প্রায় এক মসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পুঁজিবাজারে অব্যাহতভাবে দরপতনের কারণে বিনিয়োগকারীদের শেয়ার কেনার ক্ষমতা অনেক কমে গেছে। তাঁরা চেষ্টা করে কয়েক দিন বাজার ভালো থাকলেও ধরে রাখতে পারছেন না। এ ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এগিয়ে আসতে হবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পুরোপুরি সক্রিয় হলে বাজারে তার ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ৮২.৫০ পয়েন্ট কমে ৫০৩১.৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়, যা সারা দিনই অব্যাহত ছিল।ডিএসইতে আজ ২৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২১৫টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ২৯টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ স্টক এক্সচেঞ্জটিতে ২৪৭ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে,যা গতকালের চেয়ে ৮০ কোটি টাকার কম। এদিকে ডিএসইতে প্রায় এক মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। এর আগে গত ১৮ ডিসেম্বর ২১০ কোটি টাকা লেনদেন হয়।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো গ্রামীণফোন, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, এনবিএল, আফতাব অটো, আরএন স্পিনিং, সোস্যাল ইসলামী ব্যাংক, বিকন ফার্মা, কেয়া কসমেটিকস ও সায়হাম টেক্সটাইল।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৪৯.৬৩ পয়েন্ট কমে ১৪৩৬৩.৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৭টির শেয়ারের দামই কমেছে। বেড়েছে মাত্র পাঁচটির আর অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৩১ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে তিন কোটি টাকা কম।