ডিএসইতে ওয়েব-ভিত্তিক লেনদেন শুরু
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার থেকে ওয়েব-ভিত্তিক লেনদেনব্যবস্থা ‘এমএসএ প্লাস সফটওয়্যার’ চালু হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিএসইর মূল ভবনে সকাল সাড়ে ১০টার দিকে এই সফটওয়্যারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।ডিএসইর সভাপতি মো. রকিবুর রহমান এতে সভাপতিত্ব করেন। এ সময় এসইসির সদস্য, ডিএসইর পরিচালনা পর্ষদের সদস্য ও কর্মকর্তারা, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) প্রধান নির্বাহী কর্মকর্তা এম এইচ সামাদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন বলেন, ‘নতুন এই সফটওয়্যার চালুর ফলে বাজারে আরও বেশি স্বচ্ছতা নিশ্চিত হবে। এ ছাড়া বিনিয়োগকারীদের মধ্যে এক প্রকার আস্থার প্রতিফলন ঘটবে।’ তিনি আরও বলেন, অতীতে ব্রোকারেজ হাউস খোলার ব্যাপারে এসইসিতে অনেক আবেদন জমা পড়ত। নতুন এই সফটওয়্যার চালুর ফলে এটার আর প্রয়োজন হবে না। বিনিয়োগকারীরা ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে নিজেরা লেনদেন সারতে পারবেন।এমএসএ প্লাস চালুর ফলে পুঁজিবাজারের ইতিহাসে এটি নতুন দিগন্ত উন্মোচন হয়েছে বলেও মন্তব্য করেন এসইসির চেয়ারম্যান।এ ছাড়া মার্চেন্ট ব্যাংকগুলোর সদিচ্ছা থাকায় মার্চেন্ট ব্যাংকের অমনিবাস হিসাব নিয়ে চলে আসা জটিলতা শিগগিরই সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন খায়রুল হোসেন।খায়রুল হোসেন বলেন, পুঁজিবাজার নিয়ে সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে। পুঁজিবাজারে গত বছর সরকারের পক্ষ থেকে বিশেষ প্রণোদনা দেওয়া হয়েছে। এ বছরের প্রস্তাবিত বাজেটে নতুন করে বেশ কিছু প্রণোদনা যোগ হয়েছে, যা বাজারের জন্য অত্যন্ত ফলপ্রসূ।বাজারে স্বচ্ছতা আনতে অচিরেই উন্নত প্রযুক্তিসম্পন্ন সার্ভিলেন্স সফটওয়্যার চালু করা হবে বলেও জানান এসইসির চেয়ারম্যান।ডিএসইর সভাপতি রকিবুর রহমান বলেন, ১৯৯৮ সালে ১০ আগস্ট অটোমেশন পদ্ধতি চালু করা হয়েছিল। আজকে নতুন এই ওয়েব-ভিত্তিক লেনদেনব্যবস্থা সংযোজন করা হয়েছে। এতে বিনিয়োগকারী ও বাজার-সংশ্লিষ্ট সবার মধ্যে বাজার সম্পর্কে একটি ইতিবাচক মনোভাব তৈরি হবে। আগামী ছয় মাসের মধ্যে বাজার আরও সম্প্রসারিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে বাজার-সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে যথাযথ কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানান রকিবুর রহমান।