ডিএসইতে কাল ওয়েব-ভিত্তিক লেনদেন উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগামীকাল রোববার ওয়েব-ভিত্তিক লেনদেন ব্যবস্থা ‘এমএসএ প্লাস সফটওয়্যার’ চালু হবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এম. খায়রুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকাল সাড়ে নয়টায় এই সফটওয়্যারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।ডিএসইর সভাপতি মো. রকিবুর রহমান এতে সভাপতিত্ব করবেন। ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।এর আগে ৬ জুন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামীকাল এমএসএ প্লাস সফটওয়্যার চালুর বিষয়টি জানানো হয়।ওই দিন লিখিত বক্তব্যে ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা মোশাররফ এম. হোসেন বলেন, এমএসএ প্লাস সফটওয়্যার চালু হলে বিনিয়োগকারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আরও এক ধাপ এগিয়ে যাবে। এই সফটওয়্যার চালুর ফলে লেনদেনের ক্ষেত্রে বিনিয়োগকারীরা নিজেরাই নিজেদের লেনদেনের নিয়ন্ত্রক হতে পারবেন। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে বিনিয়োগকারীরা নির্ধারিত সময়ে (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা) শেয়ার কেনা-বেচা করতে পারবেন।ডিএসইর সিইও আরও বলেন, এমএসএ প্লাস সফটওয়্যার চালু হলে লেনদেনে আরও অংশগ্রহণ বাড়বে। এতে পুঁজিবাজার আরও বিনিয়োগবান্ধব হবে।নতুন এই সফটওয়্যারের সুবিধা সম্পর্কে তিনি বলেন, এটি চালু হলে বিনিয়োগকারীরা ইন্টারনেটের মাধ্যমে ক্রয় আদেশ এবং শেয়ার থাকা সাপেক্ষে বিক্রি আদেশ দিতে পারবেন, যা আই-ট্রেডার ওই আদেশগুলো লেনদেন ইঞ্জিনে পাঠিয়ে দেবেন। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন বাস্তবায়ন এবং পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডিএসইর সিইও।এদিকে শুরুতে ২৩টি ব্রোকারেজ হাউসে এ সুবিধা পাওয়া যাবে বলে ওই দিন সংবাদ সম্মেলনে জানানো হয়।