ডিএসইতে কিছুটা দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাসের সর্বোচ্চ দরপতনের পর টানা তিন দিন চাঙাভাব থাকলেও আজ বৃহস্পতিবার কিছুটা দরপতন হয়েছে ঢাকার শেয়ারবাজারে। আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে কমেছে। একই সঙ্গে বেশির ভাগ শেয়ারের দাম, আর্থিক লেনদেন ও বাজারমূলধনও কমেছে।ডিএসই সূত্রে জানা যায়, গত রোববার ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ দরপতনের ঘটনা ঘটে। এরপর তিন দিন বাজার চাঙা থাকার পর আজ আবার কিছুটা দরপতন হয়। আজ লেনদেনের শুরুতে সাধারণ সূচক কিছুটা কমলেও বেলা সাড়ে ১১টার দিকে সূচক আগের দিনের চেয়ে প্রায় ৬০ পয়েন্ট বেড়ে যায়। এর পর থেকে সূচক নিম্নগামী হতে থাকে। বিকেল তিনটায় লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সাধারণ সূচক ৬৩ দশমিক ৪৭ পয়েন্ট কমে ৮১০৮ দশমিক ১০ পয়েন্টে দাঁড়িয়েছে। বাজার বিশ্লেষকেরা বলছেন, এসইসির সিদ্ধান্ত অনুযায়ী বেশির ভাগ মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউস নির্ধারিত ১:১.৫ মার্জিন ঋণ না দেওয়ায় বাজারে এর প্রভাব পড়ছে। এর ফলে বাজারে কিছুটা দরপতন হতে পারে।ডিএসইতে লেনদেন হওয়া মোট ২৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ১৭২টির, বেড়েছে ৬৮টির, অপরিবর্তিত রয়েছে পাঁচটির। ডিএসইতে আজ মোট এক হাজার ৩৪৪ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৭৮ কোটি টাকা কম।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—এনবিএল, তিতাস গ্যাস, প্রাইম ব্যাংক, গ্রামীণফোন, সাউথইস্ট ব্যাংক, ইউসিবিএল, বেক্সিমকো, ম্যাকসন স্পিনিং, এবি ব্যাংক ও পূবালী ব্যাংক।আজ সবচেয়ে বেশি বেড়েছে মুন্নু স্টাফলারের শেয়ারের দাম। এ ছাড়া প্রগতি ইনস্যুরেন্স, ফার্মা এইড, ইস্টার্ন ব্যাংক, প্রাইম ব্যাংক, লিব্রা ইনফিউশন, প্রথম প্রাইম ফিন্যান্স মিউচুয়াল ফান্ড, প্রাইম ১ম আইসিবিএ, পিপলস ইনস্যুরেন্স ও এনবিএল দাম বাড়ায় শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে। এ দিকে আজ সবচেয়ে বেশি কমেছে দুলামিয়া কটনের শেয়ারের দাম। এ ছাড়া মারিকো বাংলাদেশ, হক্কানী পাল্প, কেয়া ডিটারজেন্ট, জেমিনি সি ফুড, অ্যাকটিভ ফাইন কেমিক্যাল, সিনো বাংলা, ইস্টার্ন হাউজিং, মুন্নু সিরামিকস ও কেপিসিএল দাম কমে যাওয়া শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।আজ ডিএসইর বাজারমূলধন তিন লাখ ৪৬ হাজার ৭৯০ কোটি টাকা।