ডিএসইতে গত সাড়ে তিন মাসের সর্বনিম্ন লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। আজকের এ লেনদেন গত সাড়ে তিন মাসের মধ্যেও সবচেয়ে কম। গত বুধবারও ডিএসইতে সর্বনিম্ন লেনদেন হয়। আজ বুধবারও লেনদেন কমার পাশাপাশি দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ শেয়ারের দাম কমে যাওয়ায় সাধারণ সূচকও কমে গেছে।বাজার সংশ্লিষ্টরা বলছেন, বেশ কিছুদিন ধরে পুঁজিবাজারে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এর ফলে বিনিয়োগকারীরা বিশেষ করে অনেক বড় বিনিয়োগকারী বাজার থেকে দূরে থাকছেন। এর ফরে লেনদেন অনেক কমেছে।কয়েকটি ব্রোকারেজ হাউসও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে। ব্রোকারেজ হাউস সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে হাউসগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি অনেক কমে গেছে। আবার অনেকে হাউসে এলেও লেনদেনে অংশ নিচ্ছেন না। এ ক্ষেত্রে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা প্রয়োজন বলে মনে করছেন বাজার-সংশ্লিষ্টরা।ডিএসই সূত্রে জানা গেছে, আজ ডিএসইতে ৩০৭ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়, যা গত সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত বুধবার ৩৮১ কোটি টাকার লেনদেন হয়। এ ছাড়া ২৫ জানুয়ারি ডিএসইতে ২০৬ কোটি টাকা, ১ মার্চ ৪৩১ কোটি ও ২৬ এপ্রিল ৪৪৬ কোটি টাকার লেনদেন হয়।আজ ডিএসইতে সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। বেলা ১১টা ৫০ মিনিটে সূচক ৭০ পয়েন্টের বেশি নেমে যায়। এরপর সূচক বেশ কয়েকবার ওঠানামা করে। দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩৭ পয়েন্ট কমে ৫৪৮২.৮৭ পয়েন্টে দাঁড়ায়।ডিএসইতে হাতবদল হওয়া ২৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১১২টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে তিতাস গ্যাস, আফতাব অটো, মেঘনা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি, ইউনাইটেড এয়ার, বে লিজিং, আরএন স্পিনিং, বিএসআরএম স্টিল, ইউসিবিএল, এবি ব্যাংক ও এনবিএল। অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৯৪.৭৮ পয়েন্ট কমে ১৫,৩১৩.২২ পয়েন্টে দাঁড়ায়। এ সময়ে লেনদেন হওয়া ১৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৩৪টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ মোট ৪০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১২ কোটি টাকা কম।