ডিএসইতে চাঙাভাব অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে চাঙাভাব অব্যাহত রয়েছে। আজ বুধবার লেনদেনের শুরুতেই সাধারণ সূচক বাড়তে থাকে। লেনদেনের মাত্র ১০ মিনিটের মধ্যে সাধারণ সূচক গত দিনের চেয়ে ৩০২ পয়েন্ট বেড়ে যায়। তবে এর পরে সূচক কিছুটা কমে, পরে তা আবার বাড়তে থাকে।বেলা দুইটা ২৪ মিনিটে সাধারণ সূচক ২২৪ পয়েন্ট বেড়ে ৭৭৩৬ পয়েন্টে দাঁড়ায়। এ সময়ে মোট ২৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৬৪টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে এক হাজার ৩৫৪ কোটি টাকার।লেনদেনে শীর্ষ ১০ প্রতিষ্ঠান হলো—ইউসিবিএল, এনবিএল, সাইথ ইস্ট ব্যাংক, ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সটেক্স লিমিটেড, বে লিজিং, এবি ব্যাংক, তিতাস গ্যাস, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস লিমিটেড ও গ্রামীণফোন।তবে দিনভর সূচক ওঠানামা করেছে। বেলা ১১টা ১৪ মিনিটে সাধারণ সূচক বৃদ্ধির হার কিছুটা কমে দাঁড়ায় ২২৯ পয়েন্ট, এর চার মিনিট পরে আরও কমে সাধারণ সূচক বৃদ্ধি ১৫৪ পয়েন্টে দাঁড়ায়। বেলা ১১টা ৩২ মিনিটে সাধারণ সূচক ১১২ পয়েন্ট বেড়ে ৭৬২৪ পয়েন্টে দাঁড়ায়।গতকাল ডিএসইতে সাধারণ মূল্যসূচক ১০১২ দশমিক ৬৫ পয়েন্ট বা ১৫ দশমিক ৫৮ শতাংশ বেড়ে ৭৫১২ দশমিক শূন্য নয় পয়েন্টে দাঁড়ায়। যা ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ সূচক বৃদ্ধির রেকর্ড। এর আগে ২০০৯ সালের ১৬ নভেম্বর ডিএসইতে সূচক সর্বোচ্চ ৭৬৪ পয়েন্ট বাড়ে।