ডিএসইতে চাঙাভাব: গত সপ্তাহে সাধারণ সূচক বেড়েছে ৩৮২.৯৫ পয়েন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শেয়ারবাজারে (ডিএসই) গত সপ্তাহে বেশ চাঙাভাব লক্ষ করা গেছে। পুরো সপ্তাহজুড়ে সাধারণ সূচকের ঊর্ধ্বগতি দেখা গেছে। এ ছাড়া বেশির ভাগ শেয়ারের মূল্য, আর্থিক লেনদেন ও বাজার মূলধন গত সপ্তাহে অনেকটাই বেড়েছে।ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে ঢাকা শেয়ারবাজারে সাধারণ মূল্যসূচক বেড়েছে ৩৮২ দশমিক ৯৫ পয়েন্ট। সপ্তাহের শুরুতে সাধারণ মূল্যসূচক ছিল ৭০৯৭ দশমিক ৩৮ পয়েন্ট। যা পুরো সপ্তাহের লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭৪৮০ দশমিক ৩৪ পয়েন্টে। এক সপ্তাহে সাধারণ মূল্য সূচকের ঊর্ধ্বগতির হার ৫ দশমিক ৪ শতাংশ। গত সপ্তাহে শেয়ারবাজারের আর্থিক লেনদেন প্রতিদিন গড়ে হয়েছে দুই হাজার ৪৭২ কোটি টাকা। যার বৃদ্ধির হার ১২ দশমিক ২৯ শতাংশ।এদিকে ঢাকা শেয়ারবাজারের বাজার মূলধনও গত সপ্তাহে বৃদ্ধি পেয়েছে। সপ্তাহের শুরুতে যেখানে বাজার মূলধন ছিল তিন লাখ ১১ হাজার ৩২৩ কোটি টাকা, সেখানে সপ্তাহ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ২৪ হাজার ৩৯৬ কোটি টাকায়। যা আগের চেয়ে ৪ দশমিক ২০ শতাংশ বেশি।গত এক সপ্তাহে বাজারে বেশির ভাগ প্রতিষ্ঠানেরই শেয়ারের দাম বেড়েছে। এ সময় লেনদেন হওয়া মোট ২৫১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৫২টি প্রতিষ্ঠানের, কমেছে ৯৩টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে মোট তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। তবে তিনটি প্রতিষ্ঠানের শেয়ার কোনো লেনদেন হয়নি।গত সপ্তাহে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, বিএসআরএম স্টিলস, প্রাইম ফিন্যান্স, স্কয়ার ফার্মা, বেক্সিমকো, প্রিমিয়ার ব্যাংক, তিতাস গ্যাস, এক্সিম ব্যাংক, সামিট পাওয়ার ও লঙ্কাবাংলা ফিন্যান্স।সমাপনী মূল্যের ভিত্তিতে গত সপ্তাহে দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রাইম ইনস্যুরেন্স, অ্যাপেক্স স্পিনিং, কনটিনেন্টাল ইনস্যুরেন্স, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আম্বি ফার্মা, রিলায়েন্স ইনস্যুরেন্স, অগ্রণী ইনস্যুরেন্স, পাইওনিয়ার ইনস্যুরেন্স ও প্যারামাউন্ট ইনস্যুরেন্স।সমাপনী মূল্যের ভিত্তিতে গত সপ্তাহে দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ ১০টি প্রতিষ্ঠান হলো—অ্যাপেক্স ওয়েভিং, মুন্নু ফেব্রিক্স, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, গোল্ডেন সন, আনোয়ার গ্যালভানাইজিং, সাভার রিফ্রাক্টরিজ, ঢাকা ফিশারিজ, ইমাম বাটন, আজিজ পাইপস ও মেঘনা পিইটি ইন্ডাস্ট্রিজ।