ডিএসইতে চালু হলো নতুন সূচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ও ডিএস৩০ ইনডেক্স নামে নতুন দুটি সূচক চালু করা হয়েছে। মতিঝিলে ডিএসইর কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচক দুটি চালু করা হয়। এসঅ্যান্ডপি ডাও জোনসের মেথডলজি অনুযায়ী এই দুটি সূচক গণনা করা হয়েছে। এ সময় ডিএসইর জ্যেষ্ঠ সহ-সভাপতি আহমেদ রশিদ লালী সাংবাদিকদের বলেন, নতুন সূচক চালুর ফলে বিনিয়োগকারীদের মধ্যে সূচক নিয়ে আর বিভ্রান্তি থাকার কারণ নেই। এর ফলে দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা বাজারে বিনিয়োগে আস্থা পাবেন। একই সঙ্গে সঠিক দিক নির্দেশনাও পাবেন তাঁরা।ডিএসইর সভাপতি রকিবুর রহমান বলেন, আজ একটি ঐতিহাসিক পদক্ষেপ বাস্তবায়ন হতে যাচ্ছে। নতুন এই সূচক দুটি আন্তর্জাতিক মানসম্পন্ন ‘বেস্ট ইনডেক্স’। এর ফলে সূচক নিয়ে যে বিভ্রান্তি ছিল তার অবসান ঘটছে বলে মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিএসইতে তালিকাভুক্ত ১৯৯টি কোম্পানি নিয়ে ডিএসইএক্স সূচক গণনা করা হয়েছে। কেবল কোম্পানিগুলোর লেনদেনযোগ্য শেয়ার নিয়ে এ সূচক গণনা করা হয়। এ ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডগুলো বাদ দেওয়া হয়েছে। আর ডিএস৩০ সূচক নির্দিষ্ট ৩০টি কোম্পানির সমন্বয়ে গণনা করা হয়েছে।এসময় আরও বলা হয়, ডিএসইএক্স সূচক গণনার ক্ষেত্রে ডিএসই সাধারণ মূল্যসূচকের ২০০৮ সালের ১৭ জানুয়ারির অবস্থানকে ভিত্তি ধরা হয়েছে। এদিন ডিএসইর সাধারণ মূল্যসূচকের অবস্থান ছিল ২৯৫১.৯১ পয়েন্টে। একই সঙ্গে ২০০১ সালের ২৪ নভেম্বরের ভিত্তিরও ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে। ২০০১ সালের ২৪ নভেম্বর ডিএসইর সাধারণ মূল্যসূচক (জেনারেল ইনডেক্স) প্রবর্তন করা হয়। আর ডিএস৩০ সূচক গণনার ক্ষেত্রে ১০০০ পয়েন্টকে ভিত্তি ধরা হয়েছে।ওই দুটি ভিত্তি ধরে আজ ডিএসইএক্স সূচক ৪০৫৫.৯১ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১৪৬০.৩০ পয়েন্ট থেকে যাত্রা শুরু হয়। ডিএসইর পক্ষ থেকে জানানো হয়, বাজার মূলধন, তারল্য ও ধারাবাহিক মুনাফার ওপর ভিত্তি করে ডিএস৩০ সূচকে ৩০টি কোম্পানি অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানেও কেবল কোম্পানিগুলোর লেনদেনযোগ্য শেয়ার সংখ্যা বিবেচনা করা হয়েছে।এ বিষয়ে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক ফায়েকুজ্জামান বলেন, আইসিবি একটি বড় মূলধনের কোম্পানি। তবে কোম্পানির লেনদেনযোগ্য শেয়ার সংখ্যা কম হওয়ায় প্রতিষ্ঠানটি ডিএস৩০ সূচকে অন্তর্ভুক্ত হয়নি। নতুন সূচক চালুর ফলে ডিমিউচুয়ালাইজেশন প্রক্রিয়া আরও একধাপ এগুলো বলে মন্তব্য করেন তিনি।ডিএসই ৩০ ইনডেক্সভুক্ত কোম্পানিগুলো হলো: স্কয়ার ফার্মা, গ্রামীণ ফোন, বেক্সিমকো, পূবালী ব্যাংক, ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক, তিতাস গ্যাস, হাইডেলবার্গ সিমেন্ট, ইউসিবিএল, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, সামিট পাওয়ার, ইউনাইটেড ওয়ার, বিএটিবিসি, লঙ্কাবাংলা ফাইন্যান্স, যমুনা অয়েল, বিএসআরএম স্টিলস, পদ্মা অয়েল, পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ, আরএন স্পিনিং, ডেসকো, মেঘনা পেট্রোলিয়াম, আফতাব অটোমোবাইলস, স্কয়ার টেক্সটাইল, কেপিসিএল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এমজেএল বিডি, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ও কেয়া কসমেটিক্সস।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ডিএসইর সভাপতি রকিবুর রহমান, ডিএসইর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান অর্থ কর্মকর্তা শুভ্রকান্তি চৌধুরী, এসঅ্যান্ডপি ডাও জোনসের ইক্যুইটি ইনডেক্স প্রোডাক্ট ম্যানেজমেন্টের প্রধান অলকা ব্যানার্জী ও সাউথ এশিয়া বিজনেস ডেভেলপমেন্টের পরিচালক কোয়েল ঘোষ।