ডিএসইতে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে মূল্যসূচক ও লেনদেন বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছয় মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।ডিএসই সূত্রে জানা যায়, স্টক এক্সচেঞ্জটিতে গতকাল এক হাজার ৬৪৬ কোটি টাকার লেনদেন হয়েছে। পুঁজিবাজারে সাম্প্রতিক ধসের পর এক দিনে এটিই সর্বোচ্চ লেনদেন। এর আগে গত ১২ জানুয়ারি এক হাজার ৬৪৯ কোটি টাকার লেনদেন হয়।ধর্মভিত্তিক দল ও সংগঠনের ডাকা ৩০ ঘণ্টা হরতালের প্রথম দিনে পুঁজিবাজারে কোনো প্রভাব পড়েনি বললেই চলে। বরং বিপরীত অবস্থা দেখা গেছে দুই স্টক এক্সচেঞ্জে। এদিন উভয় স্টক এক্সচেঞ্জে সারা দিন লেনদেনে চাঙাভাব ছিল।বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পুঁজিবাজারে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ায় বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে—এমন আশায় এত দিন যেসব বিনিয়োগকারী বাজারে থেকেও নিষ্ক্রিয় ছিলেন, তাঁরা আবার সক্রিয় হচ্ছেন। এ কারণে শেয়ারের নতুন করে চাহিদা সৃষ্টি হওয়ায় দাম বাড়ছে। একই সঙ্গে বাড়ছে লেনদেনের পরিমাণও।এ ছাড়া গত জুনে অর্ধবার্ষিক হিসাব সমাপনের পর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও নতুন বিনিয়োগ বাড়াচ্ছে বলে জানান বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা অবশ্য এই বলে সতর্ক করে দেন যে বাজার বাড়তে দেখে বিনিয়োগকারীদের ঢালাও বিনিয়োগ করা ঠিক হবে না। বরং সংশ্লিষ্ট কোম্পানির মৌল ভিত্তি পর্যালোচনা করে সতর্কতার সঙ্গে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে। বিশেষ করে, জেড শ্রেণীর দুর্বল মৌলের শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ধারায় সতর্ক হওয়া খুব জরুরি বলে মনে করেন তাঁরা।বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইর সাধারণ মূল্যসূচক ১২৬ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৪৩৭ পয়েন্টে ছাড়িয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৫৬ পয়েন্ট বেড়ে হয়েছে ১৭ হাজার ৭২৩ পয়েন্ট।সিএসইতে লেনদেন হয়েছে ২০৮টি প্রতিষ্ঠানের শেয়ার। এর মধ্যে দাম বেড়েছে ১৫৪টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত ছিল ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে ১৭৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩২ কোটি টাকা বেশি।ডিএসইতে হাতবদল হয়েছে ২৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার। এর মধ্যে বেড়েছে ১৯০টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত ছিল আটটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের শেয়ারের দাম।উভয় স্টক এক্সচেঞ্জেই গতকাল লেনদেন হওয়া ৭২ শতাংশ কোম্পানির শেয়ারের দামই বেড়েছে। এ ক্ষেত্রে নেতৃত্বে ছিল ব্যাংকিং খাত। সঙ্গে ছিল জ্বালানি-বিদ্যুত্, টেলিকম ও আর্থিক প্রতিষ্ঠান।এদিকে হরতাল চলাকালে বেলা ১১টায় ২১৭টি ব্রোকারেজ হাউসের মধ্যে ২১৫টি হাউস ডিএসইর ট্রেড সার্ভারে লগইন করায় যথাসময় লেনদেন শুরু হয় বলে ডিএসই সূত্রে জানা যায়।