ডিএসইতে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ রোববার গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। গত বছরের ডিসেম্বর-জানুয়ারিতে বড় ধরনের ধসের পর এটাই সর্বোচ্চ লেনদেন। ধর্মভিত্তিক দল ও সংগঠনের ডাকা ৩০ ঘণ্টা হরতালের প্রথম দিন পুঁজিবাজারে কোনো প্রভাব পড়েনি বললেই চলে। বরং বিপরীত চিত্র দেখা গেছে, দুই স্টক এক্সচেঞ্জে। উভয় স্টক এক্সচেঞ্জে আজ সারা দিনই চাঙাভাব বজায় ছিল।ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইতে এক হাজার ৬৪৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ১২ জানুয়ারি এক হাজার ৬৪৯ কোটি টাকার লেনদেন হয়।বাজার-সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ায় বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে—এমন আশায় অনেক বিনিয়োগকারী আবার সক্রিয় হচ্ছেন। এ ছাড়া অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থবছরের ক্লোজিং হওয়ায় নতুন করে বিনিয়োগ করতে শুরু করেছে। যার ফলে বাজারে লেনদেন বেড়েছে।তবে আজ নিয়ে সর্বশেষ তিন দিনের হরতালে পুঁজিবাজারের চাঙাভাবে সামান্য চিন্তিত ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম। তিনি বলেন, বাজারে চাঙাভাব থাকার মতো এমন কোনো মৌলিক পরিবর্তন আসেনি।তবে লেনদেন বাড়ার ব্যাপারে আহসানুল ইসলাম বলেন, বাজার ধসের পর দীর্ঘদিন ধরে যেসব বিনিয়োগকারী বাজার পর্যবেক্ষণ করছিলেন, তাঁরা আবার বাজারে সক্রিয় হওয়ায় লেনদেন বেড়েছে। এ ছাড়া লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন ও তিতাস গ্যাসের মতো বড় কোম্পানি লেনদেনের শীর্ষে উঠে আসায় সূচক বেড়েছে বলে মনে করছেন ডিএসইর এই নেতা।বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ১২৫.৭০ পয়েন্ট বেড়ে ৬,৪৩৭.৫০ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইতে হাতবদল হওয়া ২৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৯০টি প্রতিষ্ঠানের দাম। কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ ডিএসইতে সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। নয় মিনিটের দিকে সূচক ৪৪ পয়েন্ট বাড়ে। এরপর সময়ের সঙ্গে সঙ্গে সূচক আরও বাড়তে থাকে। দুপুর ১২টা ২৫ মিনিটে সূচক আজকের মধ্যে সর্বোচ্চ ১৪৭ পয়েন্ট বাড়ে। এরপর কিছুটা কমলেও ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়।এ দিকে হরতাল চলাকালে বেলা ১১টায় ২১৭টি ব্রোকারেজ হাউসের মধ্যে ২১৫টি হাউস ডিএসইর ট্রেড সার্ভারে লগইন করায় যথাসময়ে লেনদেন শুরু হয় বলে ডিএসই সূত্রে জানা যায়।ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বেক্সটেক্স, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো, ওয়ান ব্যাংক, বিএসআরএম স্টিল, ইউনাইটেড এয়ার, ইউসিবিএল, মার্কেন্টাইল ব্যাংক, তিতাস গ্যাস ও সাউথইস্ট ব্যাংক।অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৫৫.৮৬ পয়েন্ট বেড়ে ১৭৭২২.৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২০৮টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৫৪টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ স্টক এক্সচেঞ্জটিতে ১৭৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩২ কোটি টাকা বেশি।