ডিএসইতে তিন মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ারবাজার
শেয়ারবাজার

ঈদের পর প্রথম কার্যদিবসে গতকাল সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে নিম্নগতি ছিল। এদিন ডিএসইতে ১৬২ কোটি টাকার লেনদেন হয়; যা ঈদের আগে শেষ কার্যদিবসের ২১৫ কোটি টাকার  চেয়ে ৫৩ কোটি টাকা কম।
ডিএসইতে গতকালের লেনদেনের পরিমাণ ছিল গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে সর্বশেষ গত ৬ মে ১০৮ কোটি টাকার লেনদেন হয়েছিল।
প্রসঙ্গত, ঈদের ছুটির কারণে দেশের দুই শেয়ারবাজার ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬ থেকে ১১ আগস্ট পর্যন্ত লেনদেন বন্ধ ছিল।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, ঈদের আগে থেকেই ঢাকার বাজারে নিম্নমুখী ধারা ছিল। ঈদ-পরবর্তী রাজনৈতিক কর্মসূচি এবং তাকে ঘিরে অস্থিরতার আশঙ্কায় বিনিয়োগকারীরা এখনো সক্রিয় হচ্ছেন না। অনেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। যে কারণে লেনদেন কম হয়েছে।
জানতে চাইলে ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, ‘ঈদের ছুটির পর এখনো অনেক বিনিয়োগকারী ঢাকায় ফেরেননি। এ ছাড়া রাজনৈতিক কর্মসূচির কারণে অনেকেই শঙ্কিত। এই দুটিই লেনদেন কমে যাওয়ার প্রধান কারণ।’ তাঁর মতে, রাজনৈতিক কর্মসূচি ভালোভাবে শেষ হলে এবং বিনিয়োগকারীর উপস্থিতি বাড়লে লেনদেন বাড়বে।

ঢাকার শেয়ারবাজারে গতকাল ২৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৬৪টি, কমেছে ৮৬টি ও অপরিবর্তিত ছিল ২২টির কোম্পানির। আর প্রধান সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে প্রায় তিন হাজার ৯১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। 

অপরদিকে সিএসইতে গতকাল ১৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা ঈদের আগের কার্যদিবসের চেয়ে প্রায় এক কোটি টাকা কম। সিএসইর সার্বিক মূল্যসূচক ৬৭ পয়েন্ট বেড়ে ১২ হাজার ১৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সেখানকার বাজারে ১৭১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৮৪টি, কমেছে ৫৯টির আর অপরিবর্তিত ছিল ২৮টি কোম্পানির।