ডিএসইতে তিন মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ রোববার গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। একই সঙ্গে আজ দরপতনের ঘটনা ঘটেছে পুঁজিবাজারে। বিনিয়োগকারীদের একটি অংশ আজও বিক্ষোভ প্রদর্শন করেছেন।ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৩০৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২৬ মে ২৯৬ কোটি টাকা লেনদেন হয়। এ ছাড়া গত ২৯ মে ডিএসইতে ৩৩০ কোটি টাকা এবং গত বৃহস্পতিবার ৩৩৭ কোটি টাকার লেনদেন হয়েছিল। ডিএসইতে গত মঙ্গলবারও দুই মাসের মধ্যে সর্বনিম্ন ৩৫৪ কোটি টাকা লেনদেন হয়।বাজার-সংশ্লিষ্টরা ব্যক্তিরা বলছেন, আজ শুরু থেকে পুঁজিবাজার কারসাজির সঙ্গে জড়িত কয়েকজনের বিরুদ্ধে এসইসি মামলা করছে—এমন খবর বাজারে ছড়িয়ে পড়ে। যার ফলে নেতিবাচক প্রভাব পড়ে বাজারে।এ দিকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বিনিয়োগকারীদের একটি অংশ অব্যাহত দরপতনের প্রতিবাদে আজও ডিএসইর সামনে বিক্ষোভ ও মিছিল করেছেন। বেলা সোয়া একটার দিকে তাঁরা ডিএসইর মূল ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন। এ সময় অনুষ্ঠিত সমাবেশে সংগঠনটির নেতারা বক্তব্য দেন। এ সময় বক্তারা বলেন, বাজারে বর্তমানে চরম অস্থিতিশীলতা বিরাজ করছে। বিনিয়োগকারীরা আস্থার সংকটে ভুগছেন। সংগঠনের নেতারা বাজারে স্থিতিশীলতা ফেরানোর দাবি করেন।পরে বেলা দুইটার দিকে মিছিল বের করা হয়। মিছিলটি ডিএসইর সামনে থেকে শুরু হয়ে মতিঝিলের শাপলা চত্বর ঘুরে আবারও ডিএসইর সামনে এসে শেষ হয়।বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৬০.৬২ পয়েন্ট কমে ৬০৫৭.৩৯ পয়েন্টে দাঁড়ায়।সূচক বাড়ার মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটের মাথায় সূচক ২০ পয়েন্ট বেড়ে যায়। এর পর থেকে সূচকের নিম্নমুখী প্রবণতা শুরু হয়, যা দিনভর অব্যাহত ছিল।আজ হাতবদল হওয়া ২৫১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে ২০৯টির আর অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে ইউনাইটেড এয়ার, কেয়া কসমেটিকস, বেক্সিমকো, মালেক স্পিনিং, গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ান, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক ও ফু ওয়াং ফুড।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৫৩.০৬ পয়েন্ট বেড়ে ১৭২৮৯.৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৬৭টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৫টির, কমেছে ১৫০টির আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩৬ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ১৭ কোটি টাকা কম।