ডিএসইতে তিন মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে গতকাল মঙ্গলবার ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে।দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ কোম্পানির দাম কমেছে। ফলে সূচকও কমেছে। একই সঙ্গে লেনদেনও কমেছে দুই বাজারে। গতকাল প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় তিন মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পবিত্র ঈদুল আজহা ও দুর্গাপূজার ছুটি শেষে গতকাল বাজার খুললেও বিনিয়োগকারীদের উপস্থিতি ছিল তুলনামূলক অনেক কম। এর প্রভাবে বাজারে লেনদেন অনেক কমেছে। একই কারণে বাজারেও নিম্নমুখী অবস্থা লক্ষ করা গেছে।ডিএসই সূত্রে জানা যায়, গতকাল লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২২ পয়েন্ট কমে চার হাজার ৫৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। বেলা পৌনে একটায় সূচক ৪৭ পয়েন্ট কমেছিল। এর পর থেকে সূচক কমার হার হ্রাস পেলেও শেষ পর্যন্ত নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকে।ডিএসইতে মোট ২৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬০টির দাম কমেছে, বেড়েছে ৮৬টির আর অপরিবর্তিত রয়েছে ২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।দিন শেষে স্টক এক্সচেঞ্জটিতে ২৭২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ১২৫ কোটি টাকা কম। এ ছাড়া গতকালের লেনদেন প্রায় তিন মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ৭ আগস্ট ডিএসইতে ২৫৯ কোটি টাকার লেনদেন হয়েছিল।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইউসিবিএল, গ্রামীণফোন, কেয়া কসমেটিকস, তিতাস গ্যাস, ডেল্টা স্পিনার্স, মেঘনা পেট্রোলিয়াম, এনবিএল প্রভৃতি।অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৮৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৯০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে মোট ১৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৩টির দাম কমেছে, বেড়েছে ৩৬টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে গতকাল ৩৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ১০ কোটি টাকা কম।