দরপতন চলছেই দেশের শেয়ার বাজারে। আজ বুধবারও দরপতনের মধ্যে লেনদেন শেষ হলো। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই বাজারেই বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচক কমেছে। আর লেনদেনও কমেছে দুই বাজারে। এ নিয়ে টানা সাত কর্মদিবস দরপতনের ঘটনা ঘটল বাজারে। আর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৪০.৯৩ পয়েন্ট কমে ৪৩৪৪.৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে বেলা সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। বেলা ১১টায় সূচক ১৬ পয়েন্ট বেড়ে যায়। এরপর থেকে নিম্নমুখী হয় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।ডিএসইতে আজ মোট ২৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৪টিরই দাম কমেছে। বেড়েছে ৫৯টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।দিন শেষে স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন দাঁড়িয়েছে ২৬৮ কোটি টাকায়, যা গতকালের চেয়ে ৭৬ কোটি টাকা কম। এ দিকে আজকের লেনদেন গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ৭ আগস্ট ডিএসইতে ২৫৯ কোটি টাকার লেনদেন হয়েছিল।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, তিতাস গ্যাস, বেক্সিমকো, আরএন স্পিনিং, মালেক স্পিনিং, গ্রামীণ ১ স্কি ২ মিউচুয়াল ফান্ড, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সায়হাম টেক্সটাইল ও বিএসসিসিএল প্রভৃতি।অন্যদিকে, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৭৭ পয়েন্ট কমে ১৩৩০২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ মোট ১৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৪টিরই দাম কমেছে। বেড়েছে ৩৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ছয় কোটি টাকা কম।