ডিএসইতে থমথমে পরিবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে আজ বুধবার থমথমে অবস্থা বিরাজ করছে। মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত পুরো এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, শেয়ারবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে আন্দোলন করে আসছিল বিনিয়োগকারীরা। এক বছরেরও বেশি সময় ধরে এই আন্দোলন চললেও সোমবার বিনিয়োগকারীদের পক্ষ থেকে হরতাল ঘোষণার পর পুলিশ সক্রিয় হয়ে ওঠে। ওই দিন বিকেলে বিক্ষোভ চলাকালে লাঠিপেটা করে ডিএসইর সামনে থেকে বিনিয়োগকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ঘটনাস্থল থেকে আটজনকে আটকও করা হয়। পরে বিনিয়োগকারীরা তাঁদের ডাকা হরতাল প্রত্যাহার করলে গতকাল দুপুরে তাঁদেরকে ছেড়ে দেওয়া হয়।এদিকে আজও দরপতনের মধ্য দিয়ে লেনদেন শুরু হলে একপর্যায়ে বিনিয়োগকারীরা বিভিন্ন ব্রোকারেজ হাউসে হইহুল্লোড় শুরু করেন। তাঁরা বিভিন্ন ভবন থেকে পুলিশকে লক্ষ করে কাঠের টুকরো, ঝাড়ু, কাগজপত্র ও পানির বোতল নিক্ষেপ করে। এ সময় পুলিশ ডিএসইর সামনে অবস্থান নেয়। এ ছাড়া শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সড়কে পুলিশকে টহল দিতে দেখা যায়। তবে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।এ ব্যাপারে ডিএসইর সামনে দায়িত্বরত পুলিশের সহকারী কমিশনার (পেট্রোল) সুফিয়ান আহমেদ প্রথম আলো অনলাইনকে বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং মানুষের নিরাপত্তার জন্য ডিএসইর সামনে প্রায় ৫০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।