ডিএসইতে দরপতন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ কিছুটা দরপতন হয়েছে। সাধারণ সূচক ও বেশির ভাগ শেয়ারের দর কমেছে আজ। কমেছে আর্থিক লেনদেন ও বাজার মূলধনও।ডিএসই সূত্রে জানা যায়, চাঙাভাবের মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। দুপুর ১২টার কিছুক্ষণ পর থেকে দরপতন শুরু হয়। একই সময় থেকে সাধারণ মূল্যসূচকও নিম্নগামী হতে থাকে। দিন শেষে সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৬২ দশমিক ২২ পয়েন্ট কমে ৮৬৫৪ দশমিক ৫৬ পয়েন্টে দাঁড়ায়। আজ লেনদেন হওয়া মোট ২৩১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে মোট তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দর।আজ ডিএসইতে মোট দুই হাজার ৫৮০ কোটি টাকার কিছু বেশি লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৯০ কোটি টাকা কম।আজ লেনদেনে শীর্ষ ১০টি প্রতিষ্ঠান হলো—সাউথইস্ট ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, এবি ব্যাংক, বেক্সিমকো, এনসিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, ইউসিবিএল ও উত্তরা ব্যাংক।আজ সবচেয়ে বেশি বেড়েছে প্যারামাউন্ট ইনস্যুরেন্সের শেয়ারের দর। এ ছাড়া ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, মার্কেন্টাইল ইনস্যুরেন্স, সোনার বাংলা ইনস্যুরেন্স, সিটি জেনারেল ইনস্যুরেন্স, এশিয়া ইনস্যুরেন্স, ফুওয়াং ফুড, স্ট্যান্ডার্ড ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ও সেন্ট্রাল ইনস্যুরেন্স দর বৃদ্ধি পাওয়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।এদিকে আজ সবচেয়ে বেশি কমেছে এইমস প্রথম মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর। এ ছাড়া অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, মুন্নু স্টাফলার, মেঘনা পেট্রোলিয়াম, এএমসিএল (প্রাণ), ইমাম বাটন, ড্যাফোডিল কম্পিউটার, অগ্নি সিস্টেমস, সায়হাম টেক্সটাইল ও স্কয়ার টেক্সটাইল দর কমে যাওয়া শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।আজ ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩,৬০,৮০৮ কোটি টাকা।