ডিএসইতে দরপতন, সাধারণ সূচক কমেছে ২৮৪ পয়েন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজিরবিহীন দরপতনের রেশ কাটতে না কাটতেই আজ আবারও বড় ধরনের দরপতনের ঘটনা ঘটেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। একই সঙ্গে বেশির ভাগ শেয়ারের দামও কমেছে। তবে আর্থিক লেনদেন কিছুটা বেড়েছে।এর আগে গত বুধবার ডিএসইতে বড় ধরনের দরপতনের ঘটনা ঘটে। এ সময় সাধারণ সূচক ৫৪৭ পয়েন্ট নেমে যায়। এতে ক্ষুব্ধ ও আতঙ্কিত বিনিয়োগকারীরা ডিএসইর সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে সাধারণ সূচক কিছুটা ঘুরে দাঁড়ালে বিনিয়োগকারীরা অবরোধ তুলে নেন।ডিএসই সূত্রে জানা যায়, চাঙাভাবের মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। তবে ১০ মিনিট পার হতেই দরপতন শুরু হয়। একই সঙ্গে সাধারণ সূচকও কমতে থাকে। দিন শেষে সাধারণ সূচক ২৮৪ দশমিক ৭৭ পয়েন্ট কমে ৮২৯৫ দশমিক ৪১ পয়েন্টে দাঁড়িয়েছে।আজ ডিএসইতে মোট ২৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে মোট তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে এক হাজার ৭১৭ কোটি টাকার কিছু বেশি, যা আগের দিনের চেয়ে ৯৫ কোটি টাকা বেশি।আজ লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—ইউসিবিএল, আফতাব অটোমোবাইল, বেক্সিমকো, এবি ব্যাংক, লঙ্কাবাংলা ফিন্যান্স, মালেক স্পিনিং, তিতাস গ্যাস, শাইনপুকুর সিরামিক, শাহাজালাল ইসলামী ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক।আজ সবচেয়ে বেশি বেড়েছে সাভার রিফ্রেক্টরিজের শেয়ারের দাম। এ ছাড়া গ্রামীণ স্কিম-২, সোনালি আঁশ, মুন্নু স্টাফলার, দেশ গার্মেন্টস, অষ্টম আইসিবি মিউচুয়াল ফান্ড, ষষ্ঠ আইসিবি মিউচুয়াল ফান্ড, ফার্মা এইড, সপ্তম আইসিবি ও স্ট্যান্ডার্ড সিরামিক দাম বৃদ্ধিতে শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।এ দিকে আজ সবচেয়ে বেশি কমেছে শাহাজালাল ইসলামী ব্যাংকের শেয়ারের দাম। এ ছাড়া মার্কেন্টাইল ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, প্রভাতী ইনস্যুরেন্স, সাউথইস্ট ব্যাংক, অগ্রণী ইনস্যুরেন্স, সোনার বাংলা ইনস্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স, সিটি ব্যাংক ও রূপালী ব্যাংক দাম কমে যাওয়া শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।আজ ডিএসইর বাজার মূলধন তিন লাখ ৫৭ হাজার ৯৪০ কোটি টাকা।