ডিএসইতে দরপতন অব্যাহত
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। পাশাপাশি কমেছে সূচকও।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসই সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৭০ পয়েন্ট কমে ৪,৬৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক গতকালের চেয়ে ১৪ পয়েন্ট কমে গেলেও, ২৫ মিনিটে সূচক গতকালের চেয়ে বেড়ে যায় ২৮ পয়েন্ট। ১১টা ৫০ মিনিটের পর থেকে সময়ের সঙ্গে সূচক কমছিল, যা দিনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। আজ লেনদেন হওয়া ২৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে মাত্র ৩৫টির দাম, কমেছে ২০০টির আর অপরিবর্তিত আছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ১৮৩ কোটি টাকার লেনদেন হয়েছে।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো— লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, লঙ্কাবাংলা ফিন্যান্স, যমুনা অয়েল, আফতাব অটোমোবাইলস, মেঘনা পেট্রোলিয়াম, এমআই সিমেন্ট, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, বেক্সিমকো এবং স্কয়ার ফার্মা।