ডিএসইতে দরপতন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার সূচকের ওঠানামার মধ্য দিয়ে শুরু হলেও, নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। পাশাপাশি কমেছে সূচক। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসই সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৩৬ পয়েন্ট কমে ৪,৬৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। ২০ মিনিটে সূচক গতকালের চেয়ে নয় পয়েন্ট কমে যায়। আধা ঘণ্টায় সূচক বেড়ে গতকালের অবস্থানে অর্থাত্ ৪,৭২৫ পয়েন্টে দাঁড়ায়। ৩৫ মিনিটে সূচক আবারো কমে যায় ছয় পয়েন্ট। এক ঘণ্টায় কমে ৩৫ পয়েন্ট। দুই ঘণ্টায় কমে ৭৭ পয়েন্ট। আজ লেনদেন হওয়া ২৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ৯৪টির দাম, কমেছে ১৩৮টির আর অপরিবর্তিত আছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ১৫৬ কোটি টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে প্রায় ২০ কোটি টাকা বেশি।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো— লাফার্জ সুরমা সিমেন্ট, সোশ্যাল ইসলামী ব্যাংক লি., গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, লঙ্কাবাংলা ফিন্যান্স, তিতাস গ্যাস, এক্সিম ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড।