ডিএসইতে দরপতন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার সূচকের নিম্নগতির মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। আজ লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। পাশাপাশি সূচকও কমেছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসই সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৫৯ পয়েন্ট কমে ৪,৬২০ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক গতকালের চেয়ে তিন পয়েন্ট কমে যায়। ২০ মিনিটে কমে ১৬ পয়েন্ট। আধা ঘণ্টায় সূচক কমার হার ছিল ২৭ পয়েন্ট। এক ঘণ্টায় কমে ৪৪ পয়েন্ট। দুই ঘণ্টায় সূচক কমার হার ছিল ৫২ পয়েন্ট। আজ লেনদেন হওয়া ২৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ৪৭টির দাম, কমেছে ১৮৫টির আর অপরিবর্তিত আছে ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ১৮৬ কোটি টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে প্রায় ৩৭ কোটি টাকা বেশি। দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো— বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লি., লাফার্জ সুরমা সিমেন্ট, সোশ্যাল ইসলামী ব্যাংক লি., মেঘনা পেট্রোলিয়াম, গ্রামীণফোন, লংকাবাংলা ফিন্যান্স, বেক্সিমকো, জিপিএইচ ইস্পাত, জিবিবি পাওয়ার এবং তিতাস গ্যাস।