ডিএসইতে দরপতন অব্যাহত
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবারও সূচকের পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। মাঝখানে দুইবার ওপরে উঠলেও ডিএসই সাধারণ সূচকের অবস্থান ৪০০০ পয়েন্টের নিচেই থেকে যায়। পাশাপাশি কমে লেনদেনের পরিমাণ ও লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৭ পয়েন্ট কমে ৩,৯৯৪ পয়েন্টে দাঁড়ায়। সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটের মাথায় সূচক গতকালের চেয়ে ৫৬ পয়েন্ট কমে যায়। ১০ মিনিটে কমে যায় ৮৪ পয়েন্ট। আধা ঘণ্টায় কমে ৪৭ পয়েন্ট। দুই ঘণ্টায় কমে ৬৭ পয়েন্ট। এরপর বেলা একটা ও দুইটা ২০ মিনিটের দিকে সূচকের অবস্থান ৪০০০ পয়েন্টের ওপরে ছিল। কিন্তু আবারও নেমে যায় সূচক এবং এভাবেই শেষ হয় দিনের লেনদেন।আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৯২টির দাম বাড়ে। কমে ১৩৫টির আর অপরিবর্তিত ছিল ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ ১২২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে প্রায় ১৬ কোটি টাকা কম।ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, স্কয়ার ফার্মা, লংকা-বাংলা ফিন্যান্স লিমিটেড, বেক্সিমকো, যমুনা অয়েল এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড।