ডিএসইতে দুই ঘণ্টায় ১৫৬ কোটি টাকার লেনদেন
সপ্তাহের প্রথম দিন আজ রোববার সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইতে ১৫৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময় ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকও কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪০৮৯ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। শুরুতে সূচক ১৫ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক কমতে শুরু করে, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৬৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গ্রামীণফোন, বিএসসিসিএল, সিভিও পেট্রোকেমিক্যাল, তাল্লু স্পিনিং, রেনাটা, আরএন স্পিনিং, জেএমআই সিরিঞ্জ, স্কয়ার ফার্মা, মেঘনা পেট্রোলিয়াম, অ্যাকটিভ ফাইন প্রভৃতি।