ডিএসইতে দুই ঘণ্টায় ২১৯ কোটি টাকার লেনদেন
সূচকের ইতিবাচক প্রবণতায় আজ মঙ্গলবার লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৪৪ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৭২ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২১৭টিরই দাম বেড়েছে, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ২১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গ্রামীণফোন, ইউসিবিএল, সেন্ট্রাল ফার্মা, এমারেল্ড অয়েল, বিচ হ্যাচারি, মেঘনা পেট্রোলিয়াম, মতিন স্পিনিং, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এসিআই, পদ্মা অয়েল প্রভৃতি।