ডিএসইতে দুই ঘণ্টায় ২৪৪ কোটি টাকার লেনদেন
১৮ দলের ডাকা অবরোধের দ্বিতীয় দিন আজ বুধবার কিছুটা মিশ্র প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে সূচক সামান্য বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,২৭৩ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় নির্ধারিত সময়ে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। একপর্যায়ে সূচক ২০ পয়েন্ট বেড়ে যায়। তবে দুপুর ১২টা ২৫ মিনিটে সূচক কমে ৫ পয়েন্ট। এরপর আবারও ঊর্ধ্বমুখী হয় সূচক।
এই সময়ে ডিএসইতে ২৭৮ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯৩টির দাম বেড়েছে, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই সময়ে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৪৪ কোটি টাকা।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জেনারেশন নেক্সট ফ্যাশন, লংকাবাংলা ফিন্যান্স, আরগন ডেনিমস, গোল্ডেন সন, এনভয় টেক্সটাইল, আরএন স্পিনিং, এসআলম কোল্ড রোল্ড স্টিল মিলস, প্যারামাউন্ট টেক্সটাইল, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, সেন্ট্রাল ফার্মা প্রভৃতি।